ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫১, ২৮ জানুয়ারি ২০২১

ভোট উৎসবের দোরগোড়ায় মৌলভীবাজার পৌরসভা

আগামী ৩০ জানুয়ারি হবে মৌলভীবাজারে ভোট উৎসব

আগামী ৩০ জানুয়ারি হবে মৌলভীবাজারে ভোট উৎসব

ভোট উৎসবের দোরগোড়ায় পৌঁছেছে মৌলভীবাজার পৌরসভা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে মৌলভীবাজারের ভোটারদের মাঝে।

তৃতীয় ধাপে আগামী শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই পৌরসভায় হবে ভোট গ্রহণ। উৎসবকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে সাজ সাজ রব।    

পৌরসভা নির্বাচনে আচরণবিধি অনুযায়ী নির্বাচনের ৩২ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ রাখতে হবে। সেই অনুযায়ী বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২ টার পর থেকে বন্ধ থাকবে সকল ধরণের প্রচারণা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মূহুর্তে প্রার্থীদের জমজমাট প্রচারণায় মুখর ছিল মৌলভীবাজার শহর। প্রার্থী ও তাদের সমর্থকরা লিফলেট নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে-দ্বারে। দিয়েছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

এদিন শহরের সেন্ট্রাল রোডে বিশাল পথসভার মধ্য দিয়ে প্রচারণা শেষ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমান। এছাড়া ভোটারদের মুঠোফোনে 'বাল্ক ভয়েস কল' পাঠিয়েছেন তিনি। 

এর আগে গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। আধুনিক পৌরসভা গড়ার পাশাপাশি নানা সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় মোট পাঁচটি পৌরসভা। মৌলভীবাজার সদর পৌরসভার গুরুত্ব অন্য পৌরসভার চেয়ে অনেক বেশি, তাই জেলাবাসীর দৃষ্টি এবং পর্যালোচনা এই পৌরসভাকে ঘিরে।

নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার শহর সেজেছে উৎসবের সাজে। গোটা শহর ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে। অনেকে নিজের প্রিয় প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালাচ্ছেন। পাড়ার মোড়ে মোড়ে এখন চলছে নির্বাচনী আলোচনা। কে কাকে ভোট দিবেন তা নিয়েই জনমনে চলছে আলোচনা। 

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের সকল কেন্দ্রে শুক্রবার ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের মাঠে থাকবেন। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ থাকবেন।

নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভার মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৩০ জানুয়ারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়