ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৯:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২১

কমলগঞ্জে চলছে টিকার নিবন্ধন, ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ

সরকারের সুরক্ষা অ্যাপসে প্রত্যেক টিকা গ্রহণকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।

সরকারের সুরক্ষা অ্যাপসে প্রত্যেক টিকা গ্রহণকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও অনলাইনে চলছে টিকার নিবন্ধন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কমলগঞ্জে নিবন্ধিতদের মাঝে করোনা টিকা প্রয়োগ করা হবে।

ইতিপূর্বে কমলগঞ্জে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব সূত্রে এ তথ্য জানা যায়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া জানান, সারাদেশের সাথে কমলগঞ্জ উপজেলায়ও করোনা টিকার জন্য  গত ২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধিতদের মাঝে ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ করা হবে। তবে কিভাবে ও কারা টিকা প্রয়োগ করবেন তা কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে জানানো হবে।

১৫টি ধাপের মাঝে প্রথমে সম্মুখযোদ্ধা হিসেবে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আগে টিকা প্রয়োগ করা হবে। দ্বিতীয় ধাপে বেসরকারীভাবে স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের টিকা দেওয়া হবে।

এভাবে সম্মুখযোদ্ধা হিসেবে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী পুলিশ প্রশাসনের সদস্যরা, জনপ্রতিনিধি সাংবাদিক সবাইকে করোনার টিকা দেওয়া হবে।

তবে অবশ্যই সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ পর্যন্ত কমলগঞ্জে কতজন নিবন্ধন করেছেন তা জানাতে পারেননি ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূইয়া আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হককে সভাপতি করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে আগেই।

এ কমিটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, এনজিওকর্মীসহ মোট ১৬ জন্য সদস্য রয়েছেন।

তাছাড়া টিকা প্রদানে স্বেচ্ছাসেবক হিসেবে স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের সাথে স্থানীয়ভাবে একটি স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

টিকা প্রদানে কমলগঞ্জে দুটি দল কাজ করবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেওয়া হবে। আর টিকা রাখার জন্য ফ্রিজসহ প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়