ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২১

অব্যাহত থাকবে মৌলভীবাজার সদর হাসপাতালে করোনার টিকাদান

মৌলভীবাজারে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

মৌলভীবাজারে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা টিকার বরাদ্দ শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সোমবার থেকে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে ২য় ডোজের জন্য সংরক্ষিত টিকা রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে দেয়া হবে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রেজিস্ট্রেশন স্বাপেক্ষে করোনার টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। তবে রেজিস্ট্রেশন ছাড়া কোন অবস্থাতেই ভ্যাকসিন দেয়া হবে না।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে ঢাকা থেকে টিকা আসার পর দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা টিকার বরাদ্দ শেষ

এর আগে রোববার দুপুর ১ টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ টিকাটি প্রয়োগ করা হয়। জানা গেছে, প্রথম ধাপে ৫ হাজার ৫০০ টি টিকা পাঠানো হয়েছিল এই হাসপাতালে। 

কিন্তু ডোজ শেষ হওয়ায় টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তাই ৫ হাজার ৫০০ টিকাগ্রহীতার জন্য রেখে দেয়া দ্বিতীয় ডোজের টিকা সাধারণের মধ্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে করোনার টিকাদান কর্মসূচির সপ্তম দিনে মৌলভীবাজার জেলায় টিকা নিয়েছেন ২৯৫৫ জন। এদের মধ্যে ১ হাজার ৮৫৩ জন পুরুষ এবং ১ হাজার ২২২ জন নারী রয়েছেন।

এদিন মৌলভীবাজার সদরে ৮৪০ জন, রাজনগরে ২৮০ জন, কুলাউড়ায় ৪৪২ জন, বড়লেখায় ৩৬০ জন, কমলগঞ্জে ৩২৪ জন, শ্রীমঙ্গলে ৫২২ জন এবং জুড়ীতে ১৮৭ জন।    

এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ১৮ হাজার ১২৪ জনকে টিকা দেয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষের সংখ্যা ১১ হাজার ৪৮১ জন এবং নারীর সংখ্যা ৬ হাজার ৬৩১ জন।

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত সকল উপজেলায় চলে টিকাদান কার্যক্রম। টিকা পেতে হলে সবাইকে 'সুরক্ষা অ্যাপ' এর মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়