ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২১

মনু নদের পানি যাবে হাইল হাওর হয়ে গোপলা নদীতে

মনু ব্যারেজ এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

মনু ব্যারেজ এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

কৃষি ও মৎস সম্পদের উন্নয়নে শুষ্ক মৌসুমে মৌলভীবাজার মনু নদের পানি কোদালিছড়া হয়ে যাবে হাইল হাওর হয়ে গোপলা নদীতে। এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার মনু ব্যারেজ এলাকা পরিদর্শনকালে এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।   

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার গণমাধ্যমকর্মীদের বলেন, সম্প্রতি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভূজবল অফিস বাজার এলাকা থেকে সিকরাইল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার কোদালি ছড়া খালের খনন কাজ চলছে। এক কোটি চার লাখ টাকা ব্যয়ে এ খাল পুনঃখনন করা হচ্ছে। কোদালি ছড়ার পানি প্রবাহ ১২ মাস ঠিক রাখতে এবং ছড়ার দুই পাশের কৃষি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ছড়ার নিচের অবশিষ্ট নয় কিলোমিটারও খনন কাজ করা হবে।

সরকারের ডেল্টা প্লানের অংশ হিসেবে মৌলভীবাজারের মনু নদের উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে মনু ব্যারেজ পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে মনু নদীর পানি যাতে কোদালি ছড়া হয়ে হাইল হাওড়ে পড়ে সে জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। ফলে জেলার কৃষি ও মৎস সম্পদের উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, এর আগে কবির বিন আনোয়ার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাকালুকি হাওর ও পাখি বাড়ি পরিদর্শন করেছেন। হাওর এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা,পাখির নিরাপদ আবাসস্থলও মৎস সম্পদের উন্নয়নে ভরাট বিল এবং সংযোগ খাল খননসহ বনায়নের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়