ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ১৩ মার্চ ২০২১

শ্রীমঙ্গলের ব্যবসায়ী রাজনগরে গিয়ে খুন

উদ্ধারকৃত লাশ

উদ্ধারকৃত লাশ

মৌলভীবাজারের রাজনগর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর। ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পেরেছে রাজনগর থানা পুলিশ।

পুলিশের সাথে কথা বলে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলা থেকে ব্যবসার কাজে রাজনগরে গিয়ে খুন হয়েছেন ওই যুবক। স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কর্নিগ্রাম এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জানতে চাইলে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে রাজনগর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আবুল হাসেম আইনিউজকে জানান- মৃতদেহ উদ্ধার করা ওই যুবকের নাম লক্ষণ পাল (৩৫)। তিনি ব্যবসার কাজে রাজনগরে গিয়েছিলেন। সেখানে টাকা-পয়সা নিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-  লক্ষণ পালের সাথে সম্ভবত টাকা ছিলো। কেউ তার কাছ থেকে জোর করে টাকা নিতে চেয়েছিলো। তিনি জোরাজুরি করায় তাকে আঘাত করেছে। তার উরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সে আলামত পাওয়া গেছে বলে জানান ওসি আবুল হাসেম।

লক্ষণ পালের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

 লক্ষণ পাল শ্রীমঙ্গল এলাকার একজন ব্যবসায়ী। কলেজ রোডে একটি বাসা নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই এলাকায়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়