ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ১৫ মার্চ ২০২১

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল গণি (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।  এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি জাকের হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জাকের হোসেনকে গ্রেফতার করে।  কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর রাতেই প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আব্দুল গণি ও মাসুক মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক ডাকা হলেও মাসুক মিয়া গংরা বৈঠকে উপস্থিত হয়নি।

এরই জের ধরে গত শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় আব্দুল গণি আদমপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব ভানুবিল জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের জাকের হোসেন (২৫), মাসুক মিয়া (৫০), মশাই মিয়া (৬৫) গংরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল গণির কাছে ধান বিক্রির রক্ষিত নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভাংচুর করে মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি সাধন করে।

আব্দুল গণির আর্তচিৎকারে এ সময় তাঁর ছেলে জহিরুল ইসলামসহ স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুল গণিকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়