ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ২০ মার্চ ২০২১
আপডেট: ১৩:০৬, ২০ মার্চ ২০২১

জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৪০)। তিনি একই এলাকার আবদুর রউফের ছেলে।

স্থানীয় ফুলতলা ইউনিয়নের সদস্য মইনুদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় ঘটনাটি ঘটেছে। 

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন,  সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে তার মরদেহ ফেলে রাখা হয়। এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বিজিবি বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্‌ আলম সিদ্দিকী জানিয়েছেন, তারা এরকম একটি কথা শুনেছেন। নিহত ব্যক্তি বাংলাদেশী কিনা এখনো নিশ্চিত হতে পারেননি। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘনা বটুলী গ্রামের বাসিন্দা বাপ্পা মিয়া শুক্রবার সন্ধ্যার পর থেকে নিজের গৃহপালিত একটি গরু হারিয়ে যাওয়া এর সন্ধান করতে গিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকলস্থানে খোঁজ নেন। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয়ভাবে খবর পান ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাপ্পা নিহত হয়েছেন।

নিহত বাপ্পা মিয়ার সম্বন্ধী সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, “বিএসএফের গুলিতে আমার ইউনিয়নের একজন নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে ওই এলাকায় যাচ্ছি”।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়