ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ মার্চ ২০২১

মৌলভীবাজারে ১৬০ দিন পর করোনায় মৃত্যু

মৌলভীবাজারে ১৬০ দিন পর করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর বয়স ৮৫ বছর। তিনি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শেখেরগাঁও এলাকার বাসিন্দা।

মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত কাননগো আইনিউজকে জানান- গত ২১ মার্চ (রোববার) ওই নারী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তিনি কিডনি, হৃদরোগসহ বয়স্কজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।  মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়। রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছিলো। এর আগে সর্বশেষ গত ১৪ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

এদিকে বর্তমানে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশেন আরো একজন চিকিৎসাধীন আছেন।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে- গত ২৪ ঘন্টায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ জনই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের, ২ জন শ্রীমঙ্গলের, ১ জন কুলাউড়া এবং ১ জন কমলগঞ্জের।

মৌলভীবাজারে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ১ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জেলার ২ জন করোনা রোগী। এতে করে জেলায় মোট সুস্থতার সংখ্যা ১ হাজার ৯১২ জনে দাঁড়াল।

শুধু মৌলভীবাজারে নয়, সারাদেশে নতুন করে করোনা পরিস্থিতি অবনতির দিকে।আজ বুধবার (২৪ মার্চ) সারাদেশে ৩ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালও (২৩ মার্চ) করোনা শনাক্তের সংখ্যা ছিলো ৩ হাজার ৫৫৪।
এমন অবস্থায় বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানাচ্ছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়