ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ৩ লাখ মানুষকে দেওয়া হবে টিকা

মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা সাড়ে ২২ লাখ, এর মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) নিয়েছেন ১২ লাখ মানুষ। তবে টিকাগ্রহীতাদের এ সংখ্যাকে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই ১৫ লাখে উন্নীত করার টার্গেট নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হকের সঞ্চালনায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম ও সাংবাদিকরা।

জেলা সিভিল সার্জন সাংবাদিকদের জানান, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই আরও ৩ লাখ মানুষকে দেওয়া হবে করোনাভাইরাসের টিকা। আগামী ২৬ ফেব্রুয়ারি জেলার ৬৭ ইউনিয়নের প্রত্যেকটির পুরোনো ওয়ার্ডে দিনব্যাপী টিকা কার্যক্রম বা গণটিকা চলবে। প্রত্যেক পৌরসভায় এ দিনে ৩ ওয়ার্ডে তিন বুথে এ কার্যক্রম। প্রত্যেক ওয়ার্ডে এ দিন গণটিকা দেওয়া হবে ৩০০ জন মানুষকে।

কারা টিকা নিতে পারবেন?

যারা এখনো করোনা টিকা গ্রহণ করেননি তারা এই তিনদিন যেকোনো বুথে গেলেই টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ এর কপি নিয়ে যেতে হবে। তবে যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তারা নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যয়নপত্র আনতে হবে। 

যাদের জন্ম নিবন্ধন সনদ নেই বা জন্ম নিবন্ধন সনদে সমস্যার কারণে টিকা নিতে পারছিলেন না তারাও নিতে পারবেন টিকা। এছাড়াও যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই বা সমস্যা রয়েছে, তারাও গ্রহণ করতে পারবেন করোনার টিকা।

যাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট নেই, তারা টিকা নিতে গেলে মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করা হবে এবং টিকা দেওয়া হবে। এরপর তাদের একটি কার্ড দেওয়া হবে। কার্ডটি টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

এছাড়া এ গণটিকা কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও নিতে পারবেন টিকা। তাঁদের জন্য নির্ধারিত ব্যবস্থা থাকবে।

২৬ ফেব্রুয়ারির পর নেওয়া যাবে না প্রথম ডোজ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে। এরপরে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে। যারা এখনও নেননি আজই নিকটস্থ কেন্দ্র থেকে ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন।

২৬ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেওয়া হবে ১ কোটি মানুষকে

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ব্যক্তিকে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। স্কুল, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে।

পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩টি করে দল থাকবে। এছাড়া নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় ৫টি, প্রতি জেলায় ২০টি করে ভ্রাম্যমাণ দল থাকবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়