Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

প্রকাশিত: ০০:১৯, ১৯ এপ্রিল ২০২৩

কুলাউড়ায় গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, শ্বশুর গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরালের পর নির্যাতিত গৃহবধূর শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্বশুরের নাম শফিক মিয়া (৬৩) ও স্বামীর নাম আব্দুস সালাম (৩২)। 

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কুলাউড়া থানার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে গৃহবধূর শ্বশুর সফিক মিয়া (৬৩) তার পুত্রবধুকে অশ্লীল গালিগালাজ করে মারধর করতে করতে টেনে হিঁচড়ে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যাচ্ছেন। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ভিকটিমের বড়ভাই বাবুল মিয়া এই ঘটনায় কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি জানান, গত প্রায় চার বছর আগে ভিকটিম রুজিনা বেগমকে সুলতানপুর গ্রামের শফিক মিয়ার ছেলে আব্দুস সালামের নিকটন বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই ভিকটিমের স্বামী আব্দুস সালাম যৌতুকের জন্য ভিকটিমকে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে। ভিকটিমের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে যৌতুকের দাবী পূরণ করতে পারেনি 

ভিকটিমের ভাই বাবুল মিয়া জানান, গত ১৬ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে সুলতানপুরে ভিকটিমের শ্বশুর বাড়িতে ইফতারের শরবতের প্যাকেট কাটাকে কেন্দ্র করে স্বামী আব্দুস সালাম ও তার দেবর রুমান মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম রুজিনা বেগমকে শ্বশুর বাড়ির লোকজন এলোপাতাড়ি মারধর করে। এর পরের দিন সকাল অনুমান সাড়ে ৬টার দিকে ভিকটিমকে তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুক বাবদ এক লক্ষ টাকা এনে দিতে বলে। ভিকটিম যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শ্বশুর বাড়ির লোকজন তাকে এলাপাতাড়ি মারধর করতে থাকে। 

ভিকটিম প্রাণের ভয়ে প্রতিবেশী জ্যোৎস্না বেগমের বাড়িতে আশ্রয় নিলে তার শ্বশুর এবং স্বামী জ্যোৎস্না বেগমের বাড়িতে গিয়ে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে টেনে-হিঁচড়ে শশুর বাড়িতে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে ভিকটিমের ভাই এবং আত্মীয়স্বজন ভিকটিমকে উদ্ধার করতে গেলে ভিকটিমের শ্বশুর বাড়ির লোকজন তাদেরকে গালিগালাজ করে তাদেরকে বাসা থেকে বের করে দেয়। পরে ভিকটিমকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। 

পুলি সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজারের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমের স্বামী আব্দুস সালামকে প্রথমে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুস সালামকে আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়। সারাদিন ঘটনার মূল হোতা ভিকটিমের শ্বশুর শফিক মিয়াকে (৬৩) গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামী শফিক মিয়াকে মৌলভীবাজার সদরের একাটুনা গ্রামের তার মেয়ের জামাই শামসুল মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যারাতে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, ভিকটিমের শ্বাশুড়িসহ সংশ্লিষ্টরা পুলিশের নজরদারিতে আছেন। প্রয়োজনে অন্যদেরও গ্রেফতার করা হবে। শ্বাশুড়ি অসুস্থ থাকায় আটক করা হয়নি। আদালত নির্দেশনা দিলে প্রয়োজনে তাঁকেও গ্রেফতার করা হবে। 

সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ সাংবাদিকদের অবহিত করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক।

আই নিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়