Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

সাজু মারছিয়াং

প্রকাশিত: ১৯:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৫

শান্তির বার্তায় উদযাপিত বড়দিন

শ্রীমঙ্গলে গীর্জায় গীর্জায় বড়দিনের আনন্দ-প্রার্থনা

শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। ছবি: আই নিউজ

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন, খাসিয়া পুঞ্জি ও গীর্জাগুলোতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।

এ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে কেক কাটা, বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত পরিবেশন এবং নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় গীর্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর গীর্জায় আনুষ্ঠানিক উপাসনার মাধ্যমে বড়দিন উদযাপন শুরু হয়। এতে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ১৯টি খাসিয়া পুঞ্জিসহ মোট ৭৫টি চা-বাগান ও পুঞ্জির কয়েক শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গীর্জায় এসে ফুল দিয়ে উৎসবের শুভেচ্ছা জানান।

শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ প্রার্থনায় যিশুখ্রিস্টের জীবন ও আদর্শ তুলে ধরেন। তিনি বড়দিনের তাৎপর্য ব্যাখ্যা করে যিশুর শিক্ষার আলোকে হিংসা-বিদ্বেষমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

বড়দিনের উৎসবে উপস্থিত ছিলেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় বিশেষ গান পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়