ঢাকা, শুক্রবার ৩১ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৩, ৩১ জুলাই ২০২৬

মৌলভীবাজারে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের শিক্ষাবৈঠক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান বিশ্বে প্রচার ও মিডিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত বিভাগ। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিভাগের পরিধি, গভীরতা ও প্রভাব বহুগুণে বেড়েছে। তাই মিডিয়ার বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের সততা, দক্ষতা, নৈতিকতা ও পেশাগত যোগ্যতা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজারের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একসময় মিডিয়ার জগৎ ছিল সীমিত। বর্তমানে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার সমন্বয়ে এটি একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে। তাই প্রচার ও মিডিয়া অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক উপস্থাপনার শিকার হচ্ছে। অনেক সময় সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডকে গুরুত্ব না দিয়ে বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে প্রচার করা হয়, যা এক ধরনের ‘মিডিয়া সন্ত্রাস’। এ ধরনের অপপ্রচারের মোকাবিলা আদর্শ, নৈতিকতা ও উত্তম চরিত্রের মাধ্যমে করতে হবে।

তিনি আরও বলেন, প্রচার ও মিডিয়া বিভাগের প্রত্যেক দায়িত্বশীলকে একজন দক্ষ, সৎ ও যোগ্য সাংবাদিক এবং রিপোর্টার হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য নিয়মিত অধ্যয়ন, পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আন্তরিকতার সঙ্গে কাজ করলে ভবিষ্যতে এ অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে তিনি ‘চব্বিশের রক্তাক্ত বিপ্লবের’ দাবির আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে পবিত্র আল কুরআনের সূরা আল-হুজুরাত থেকে দারস পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের ইউনিট টিমের সদস্য মো. হাবিবুর রহমান, মো. আজাদুর রহমান, আবদাল মাহবুব কোরেশী, আব্দুস সামাদ, আব্দুল হাইসহ অন্যান্য দায়িত্বশীল।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়