Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

ফয়সাল আহমদ, সিলেট

প্রকাশিত: ১৬:৩১, ২৭ ডিসেম্বর ২০২৩

বিদেশ পাঠানোর নামে ২১ লক্ষ টাকা আত্মসাৎ, সিলেটে মূলহোতা গ্রেপ্তার

র‍্যাব-৯ এর কাছে গ্রেপ্তার প্রতারক চক্রের মূলহোতা সজীব কান্তি হালদার। ছবি- আই নিউজ

র‍্যাব-৯ এর কাছে গ্রেপ্তার প্রতারক চক্রের মূলহোতা সজীব কান্তি হালদার। ছবি- আই নিউজ

মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সজিব কান্তি হালদারকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল। এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সজিব কান্তি হালদার সিলেটের ওসমানীনগর থানার টেকেরহাট এলাকার বাসিন্দা।

র‍্যাব-৯ জানায়, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকুরী দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত
হচ্ছেন অনেকে। এমন প্রতারণার শিকার এক ভিকটিম বাদী হয়ে গত ২২ নভেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৪/৫০১, ২০২৩ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড।

ঘটনার বিবরণে জানা যায়, আসামী সজিব কান্তি হালদার ওই সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা। তিনি প্রতারক চক্রের অন্যান্য আসামীদের সহায়তায় বাংলাদেশ থেকে রোমানিয়ায় উচ্চ বেতনে বিভিন্ন কোম্পানিতে চাকুরী দেয়ার নাম করে
ভিকটিম এবং তাদের অভিভাবকদের প্রলুব্ধ করে প্রথমে পাসপোর্ট এবং প্রাথমিক খরচ বাবদ ভিকটিমসহ আরও ২ জনের নিকট থেকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা নেয়।

তারপর ওয়ার্ক পারমিট, পরিবহন খরচ, ভিসা প্রসেসিং, মেডিকেল খরচ, বিএমইটি ক্লিয়ারেন্স ইত্যাদি খরচের কথা বলে আসামীরা ধাপে ধাপে ভিকটিমদের কাছ থেকে ব্যাংক হিসাব ও নগদে সর্বমোট ২১ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে আসামীরা ভিকটিমদের যথাসময়ে বিদেশ নিতে না পারায় ভিসা যাচাইয়ের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইল করে জানতে পারে আসামীদের কর্তৃক প্রদত্ত সমস্ত কাগজপত্র ভুয়া। 

প্রতারণার এই ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা যায়, একটি ট্রাভেল এজেন্সির সাথে সজীব কান্তির সম্পৃক্ততা রয়েছে। এই ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি পরিচালনার কোন লাইসেন্স পাওয়া যায় নি।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‍্যাব জানায়- প্রতারক চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়