ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১৯ মে ২০২১
আপডেট: ১৭:১৮, ১৯ মে ২০২১

সেই ‘প্রভাবশালী’ সুলতানের বিরুদ্ধে মামলা করলেন রিকশাচালক

রাজধানীর বংশালে রিকশাচালককে মারধর করা সেই ‘প্রভাবশালী’ সুলতানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৯ মে) ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ (৫৫) নিজেই বাদী হয়ে বংশাল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার আদালতে পৌঁছলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তা গ্রহণ করে আগামী ২৯ জুন মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী রেজা মামুন আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এরপর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য করেন।

গত ৪ মে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী। ভিডিওতে দেখা যায়, বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশাওয়ালাকে উদ্ধার করে।

ভিডিওটি দেখার পর অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করে বংশাল থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বংশাল এলাকার বাড়িওয়ালা এবং প্রভাবশালী।

পরদিন (৫ মে) আদালতে তোলা হলে সুলতান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তার জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়