ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

আন্তর্জাতিক প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ২৩ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ বা ‘চাকরি’র প্রতারণা থেকে সাবধান!

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ বা ‘নিশ্চিত চাকরি’র প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

মঙ্গলবার (২১ এপ্রিল) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশে ভুয়া দাবি ক্রমেই বাড়ছে। ‘নিশ্চিত ভিসা’ বা ‘নিশ্চিত চাকরি’র আশ্বাস দিয়ে অনেককে বিভ্রান্ত করা হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো প্রস্তাব পেলে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত কোনো প্রতারণা নিয়ে সন্দেহ হলে পরিচয় গোপন রেখে [email protected] ঠিকানায় ইমেইল করে অভিযোগ জানানো যাবে। এছাড়া ভিসা আবেদন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে সবসময় সরকারি ওয়েবসাইট www.gov.uk⁠� থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত বছরের শেষ দিকে ব্রিটিশ হাইকমিশন সতর্ক করে জানিয়েছিল, ভিসা জালিয়াতি বা অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে।

এদিকে, সম্প্রতি কানাডা, জার্মানি, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৩টি পশ্চিমা দেশের হাইকমিশন ও দূতাবাস গত ৮ এপ্রিল যৌথভাবে ভিসা প্রতারণা ও জালিয়াতি নিয়ে একটি বিবৃতি দেয়। এতে ভিসা, পারমিট ও কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া ও কাগজপত্রের সত্যতা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করা হয়।

বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যে চাকরি কিংবা নিশ্চিত ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। কিছু মানবপাচার চক্র উন্নত দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশি তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। আবার গন্তব্যে পৌঁছানোর পর টাকা পরিশোধের শর্ত দেখিয়ে অনেককে ফাঁদে ফেলা হচ্ছে।

এছাড়া বিদেশে ভালো কাজের প্রলোভন দেখিয়ে অনেককে সাইবার প্রতারণা চক্রে জড়িয়ে নির্যাতনের শিকার করা হচ্ছে। ইউরোপে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো তথ্য গোপন না রেখে পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে, নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়