নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬
আইডি হ্যাক হয়নি, মানুষের কাছে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে: তারেক রহমান
ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে নেওয়া।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নারীদের বিষয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আইডি হ্যাক হওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বাস্তবে এমন কোনো হ্যাকিং হয়নি।
সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দলের একজন নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে এমন মন্তব্য করেছেন, যেখানে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাইরে যাওয়া নারী মা-বোনদের জন্য একটি কলঙ্কজনক শব্দ ব্যবহার করা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে তারা বলছে, তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু যারা এ বিষয়ে বিশেষজ্ঞ, তারা পরিষ্কার ভাষায় বলেছেন এভাবে আইডি হ্যাক হওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। শুধু ব্যক্তি নয়, দল হিসেবেও তারা মিথ্যা বলছে। আইডি হ্যাক হয়নি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা মানুষের কাছে মিথ্যা কথা তুলে ধরছে। এদের পরিচয় এরা মিথ্যাবাদী।”
নারীদের ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনা প্রায় ২৭ মিনিটের বক্তব্যে তারেক রহমান জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা দেখছি একটি রাজনৈতিক দল কীভাবে বাংলাদেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে ঘরের ভেতরে আটকে রাখতে চায়। ওই দলের নেতা প্রকাশ্যেই বলেছেন, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। নারীদের অসম্মানজনক ও অশালীন ভাষায় হেয় করা হয়েছে।”
তিনি প্রশ্ন রাখেন, “যে দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায় এবং তাদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করে—তারা যদি কোনোভাবে নির্বাচনে সুযোগ পায়, তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে তাদের আচরণ কী হতে পারে?”
তারেক রহমান অভিযোগ করেন, “এরা শুধু নিজেদের স্বার্থ বোঝে। নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করে, যেখানে প্রয়োজন সেখানে নিজেদের মতো করে ধর্মের ব্যাখ্যা দাঁড় করায়।”
খুলনার বন্ধ শিল্পকারখানা চালুর প্রতিশ্রুতি
খুলনার শিল্পখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, “একসময় খুলনা-সাতক্ষীরা ছিল দেশের অন্যতম শিল্পনগরী। কিন্তু গ্যাস সংকটসহ নানা কারণে আজ সেই শিল্পনগরী মৃত নগরীতে পরিণত হয়েছে।”
তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে খুলনার বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। আমরা চাই, এই শিল্পনগরীতে শুধু পুরুষ নয়, নারীদেরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক।
এ ছাড়া বেকার তরুণ সমাজ, বিশেষ করে আইটি খাতে কাজ করা তরুণদের জন্য আইটি পার্কসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা গড়ে তোলার কথাও বলেন তিনি।
নির্বাচন নিয়ে সতর্ক থাকার আহ্বান
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “একটি মহল বলতে চাচ্ছে, এবার ভোট গণনায় অনেক সময় লাগবে। এটি একটি ষড়যন্ত্রের ইঙ্গিত। যারা সকাল-বিকাল মিথ্যা বলছে এবং নারীদের হেয় করছে, তারাই নানা ছলচাতুরির চেষ্টা করছে।”
তিনি ভোট নিয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সংসদ সদস্য প্রার্থী আলী আজগর লবী, আমীর এজাজ খান, মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, জয়ন্ত কুমার কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএন/এসএইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























