Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৭ ১৪৩২

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

প্রকাশিত: ২১:০২, ১০ এপ্রিল ২০২৬

লন্ডনে আওয়ামী লীগ নিষি`দ্ধের প্রতিবাদে বি`ক্ষো`ভ সমাবেশ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত ব্রিটিশ পার্লামেন্টের সামনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্জ জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান।

এছাড়া বক্তব্য দেন সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সাবেক এমপি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সংসদে আইন প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ দেশের গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের জন্য হুমকি স্বরূপ। তারা এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান এবং রাজনৈতিক প্রতিহিংসা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এটি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তারা তার নিঃশর্ত মুক্তি এবং সংশ্লিষ্ট সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা “নিঃশর্ত মুক্তি চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠেন এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি।

শান্তিপূর্ণ এ বিক্ষোভ সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়