Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:১৫, ১৮ মার্চ ২০২৬

বাংলাদেশে ঈদুল ফিতর কবে হবে ২০২৬ আপডেট

পবিত্র রমজান মাসের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষের পথে। ইতোমধ্যে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে শুরু হয়েছে সরকারি ছুটি, পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠানেও ঈদের ছুটির আমেজ নেমে এসেছে। রাজধানী ছেড়ে হাজারো মানুষ ছুটছে নিজ গ্রামের বাড়িতে, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বিভিন্ন দেশে এবার শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা জোরালো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠকে বসবে। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে শাওয়াল মাসের শুরু এবং ঈদের চূড়ান্ত তারিখ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় আরব বিশ্বের বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শাওয়াল মাস শুরু হতে পারে ২০ মার্চ থেকে।

এই হিসাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়। সেই ধারা অনুযায়ী দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে শনিবার (২১ মার্চ)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশের চাঁদ দেখার ওপর।

আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) ঈদ পালিত হবে।

সব মিলিয়ে এখন পুরো দেশের মানুষের চোখ আকাশের দিকে—কবে দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত চাঁদের, আর কবে শুরু হবে ঈদের আনন্দ।

আরো পড়ুনঃ ঈদের দিন ‘প্রেমের গল্প’ নিয়ে হাজির হচ্ছেন রোশান

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়