Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ২৯ মার্চ ২০২৬

পানিতে ডুবে পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুলের মৃত্যু

অভিনেতা রাহুল অরুণোদয়

অভিনেতা রাহুল অরুণোদয়

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর।

একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। সেই সময় পানিতে তলিয়ে যান রাহুল। পরে ইউনিটের টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাহুলের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করছিলেন সোমাশ্রী চাকি। তিনিই প্রথম অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। সোমাশ্রী জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে শুটিং করেছেন। তিনি বলেন, “আজ আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা চলে এসেছিলাম। পানির মধ্যে কী হয়েছে, ঠিক বলতে পারব না। আমরা তখন স্পটে ছিলাম না।”

তিনি আরও জানান, ফেরার সময় রাহুল তাকে বলেছিলেন- “আর দেখা হবে না আমাদের।”

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। থিয়েটারের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি যাত্রা শুরু করেন। পরবর্তীতে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এই ছবির সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। যদিও একসময় তাদের বিচ্ছেদের খবর শোনা যায়, পরে ছেলে সহজের কথা ভেবে আবার একসঙ্গে থাকতে শুরু করেন।

অভিনয়ের পাশাপাশি রাহুল ‘সহজ কথা’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট শো সঞ্চালনা করতেন। দীর্ঘ বিরতির পর তিনি আবার টেলিভিশনে ফেরেন এবং সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হচ্ছিল।

তার অকাল মৃত্যুতে টালিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়