ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৬:০৩, ১৬ মে ২০২৬

কারিনা কায়সার মারা গেছেন, লিভার জটিলতায় চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় দীর্ঘ লড়াই শেষে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার কারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

চেন্নাইয়ে নেওয়ার পর ভেলোরের Christian Medical College হাসপাতালে তার নিবিড় চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।

চিকিৎসা সূত্রে জানা গেছে, শুরুতে সাধারণ শারীরিক অসুস্থতা মনে হলেও পরে পরীক্ষায় তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তার লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অল্প সময়েই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

কারিনা কায়সারের মৃত্যু বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়