ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:২৬, ১১ আগস্ট ২০২০

ধীরে ধীরে নেমে আসছে স্বর্ণ-রুপার দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে ধীরে ধীরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বড় দরপতনের পর চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও স্বর্ণের দামে পতন হয়েছে। তবে এখনও প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ডলারের ওপরে রয়েছে। 

স্বর্ণের পাশাপাশি দরপতন হয়েছে রুপারও। সাম্প্রতিককালে স্বর্ণের সাথে তাল মিলিয়ে অস্বাভাবিকভাবে বাড়ে রুপার দাম। এতে সাত বছরের মধ্যে রুপার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এই রেকর্ড দামে পৌঁছানোর পরই রুপার দাম কমতে শুরু করে। 

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। তবে জুলাই মাসের শেষার্ধ্ব থেকে স্বর্ণের দাম বাড়ার পালে নতুন হাওয়া লাগে। এতে সৃষ্টি হয় একের পর এক রেকর্ড। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো দুই হাজার ডলারে পৌঁছায়।

রেকর্ড এই দামে ওঠার পর কমতে থাকে স্বর্ণের দাম। গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার ৩৪ দশমিক ১০ ডলার কমে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ৩৪ দশমিক ৮০ ডলারে নেমে আসে।

এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও স্বর্ণের দরপতন হয়। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছয় ডলার কমে যায়। আর মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ ডলার কমে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই হাজার ১৮ ডলারে।

এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে দশমিক ৪৩ শতাংশ কমে গেছে স্বর্ণের দাম। তবে এখনও মাসের ব্যবধানে ১২ দশমিক শূন্য ২ শতাংশ এবং বছরের ব্যবধানে ৩৩ দশমিক ৫৫ শতাংশ বেশি রয়েছে স্বর্ণের দাম।

এদিকে দাম বেড়ে প্রতি আউন্স রুপার দাম ২৮ দশমিক ২৬ ডলারে পৌঁছে যায়। এর মাধ্যমে ২০১৩ সালের মার্চের পর প্রতি আউন্স রুপার দাম আবার ২৮ ডলার ছাড়িয়ে যায়।

স্বর্ণের মতো রেকর্ড দামে পৌঁছে গত সপ্তাহের শেষ কার্যদিবস থেকে রুপার দামেও পতন শুরু হয়। শুক্রবার বিশ্ববাজারে রুপার ৪ দশমিক ৭৫ শতাংশ দরপতন হয়। দরপতনের এই ধারা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি আউন্স রুপার দাম দশমিক ১৮ ডলার বা দশমিক ৬৩ শতাংশ কমে গেছে।

এই দরপতনের পরও সপ্তাহের ব্যবধানে এখনও রুপার দাম ১০ দশমিক ৭৫ শতাংশ বেশি রয়েছে। পাশাপাশি মাসের ব্যবধানে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং বছরের ব্যবধানে ৬৯ দশমিক ৬৬ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে রুপা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ