ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১১ আগস্ট ২০২০

প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না দেশটির এই প্রবীণ রাজনীতিক।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার পর প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয় বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায় এই সময়।

এর আগে সোমবার দুপুরে নিজেই টুইট করে তিনি জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর রাতে জানা যায়, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

দিল্লিতে সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে দীর্ঘক্ষণ অস্ত্রোপচার করে প্রণবের মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত বের করা হয়। সফল অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে সাবেক রাষ্ট্রপতিকে।

জানা গেছে, রোববার রাতে বাথরুমে পড়ে গিয়ে কপাল ও রগে চোট পান প্রণব। সোমবার সকালে তাকে নিয়ে আসা হয় আর অ্যান্ড আর হাসপাতালে।

সিটি স্ক্যানে ধরা পড়ে, সাবেক এই রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যে ব্লাড ক্লট-কে ডাক্তারি পরিভাষায় বলে ‘সাবডিউরাল হেমাটোমা’। চিকিৎসকরা তখনই আর ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও ৭২ ঘণ্টা না গেলে আশ্বাস দিতে নারাজ চিকিৎসকরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ