ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৩ আগস্ট ২০২০

প্রথমবারের মতো পুরো ভুটানে লকডাউন

প্রথমবারের মতো পুরো দেশ জুড়ে লকডাউন আরোপ করা হয়েছে ভুটানে। সম্প্রতি কোয়ারেন্টাইন থেকে মুক্ত বিদেশ ফেরত এক নাগরিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএপি’র খবরে বলা হয়েছে, লকডাউনে নাগরিকদের ঘরে থাকতে অনুরোধ করা হয়েছে। এই সময়ে শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভুটান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্তদের সবাইকে শনাক্ত করে আইসোলেশনে নিতে এবং সংক্রমণ রোধ করতে এই লকডাউনের মেয়াদ হতে পারে পাঁচ থেকে ২১ দিন।

এপি’র খবরে বলা হয়, সম্প্রতি ২৭ বছর বয়সী এক ভুটানিজ নারী কুয়েত থেকে দেশে ফেরার পর অন্যদের মতো তাকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তার করোনা পরীক্ষা নেগেটিভ আসে। কিন্তু কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পর গত সোমবার ওই নারীর আবার করোনা টেস্ট করালে রিপোর্ট আসে পজিটিভ।

ধারণা করা হচ্ছে, এই কয়দিনে গোটা ভুটান জুড়ে ভ্রমণ করে ফেলেছেন ওই নারী। ফলে সম্ভাব্য সংক্রমণ রোধে গোটা ভুটান জুড়েই লকডাউন আরোপ করা হয়েছে।

ভুটানে এখন পর্যন্ত ১১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের সবাই ছিলেন বিদেশ থেকে ফেরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ