ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৪:০৯, ১৫ আগস্ট ২০২০

ভ্যাকসিনের গণ উৎপাদনের জন্য প্রস্তুত ভারত: মোদি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এবার তেমন কোনো আয়োজন না থাকলেও জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ ছিল বেশ চমকপ্রদ। এদিন করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অসাধারণ আশার কথা শুনিয়েছেন তিনি। জানিয়েছেন, করোনা মোকাবিলায় শিগগিরই ভ্যাকসিনের গণ উৎপাদনে যাচ্ছে তার দেশ।

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি বলেন, “কেবল একটি না, দুটি না ভারতে অন্তত তিনটি করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা চলছে।”

গেরুয়া রঙের পাগড়ি ও মাস্ক পরা মোদি আরও বলেন- “গণহারে উৎপাদনের পাশাপাশি সর্বোচ্চ কম সময়ের মধ্যে প্রতি ভারতীয় কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার রোডম্যাপও প্রস্তুত। এসব ভ্যাকসিনের গণহারে উৎপাদনের জন্যও প্রস্তুত দেশ।”

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এই নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সাতবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদি। ভাষণ দেওয়ার সময় ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন উদ্বোধন করা হয়।

এই সেবা প্রসঙ্গে মোদি জানান, এই প্ল্যাটফর্মে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত প্রতিটা টেস্ট, রোগ, চিকিৎসা ও অন্যান্য বিষয়াদি রেকর্ডভুক্ত থাকবে।

“চিকিৎসা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রযুক্তি যথাযথভাবে ব্যবহৃত করা হবে। যেখানেই ডাক্তার দেখানো হোক না কেন, চিকিৎসার জন্য অর্থ ব্যয় করা হোক এই মিশন চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় সহযোগিতা করবে।”

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণে ভারত অনেক দিন ধরেই বিশ্বের অন্যতম হটস্পট। বৈশ্বিক আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি, ২৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। ৪৯ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় আছে চতুর্থস্থানে।

Green Tea
সর্বশেষ