ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ১৬ আগস্ট ২০২০
আপডেট: ২০:৩১, ১৬ আগস্ট ২০২০

হাঙ্গরের সাথে লড়াই করে স্ত্রীকে বাঁচালেন এক সার্ফার

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় হাঙ্গরকে ঘুষি মেরে স্ত্রীকে বাঁচিয়েছেন এক সার্ফার। দেশটির সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

জানা যায়, শ্যান্টেল ডয়েল (৩৫) নামে এক নারী নিউ সাউথ ওয়েলসের পোর্ট ম্যাককুয়েরিতে শেলি বিচে সার্ফিং করছিলেন। এ সময় তিনি আচমকা হাঙ্গরের আক্রমণের শিকার হন। সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে আসেন ডয়েলের স্বামী মার্ক র‍্যাপলে। 

সার্ফবোর্ড থেকে হাঙ্গরটির ওপর ঝাঁপিয়ে পড়েন র‍্যাপলে। স্ত্রীকে ছেড়ে না দেয়া পর্যন্ত হাঙ্গরটিকে তিনি বারবার ঘুষি দিতে থাকেন।   হাঙ্গরের কবল থেকে স্ত্রী ডয়েলকে উদ্ধার করে তীরে উঠে আসতেও সাহায্য করেন র‍্যাপলে।

তবে ডান পায়ে গুরুতর আহত হওয়ায় ডয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডয়েলের ওপর তিন মিটার বা প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অল্পবয়সী সাদা হাঙ্গর হামলা চালাতে পারে।

ডয়েলকে বাঁচানো র‍্যাপলের সাহসিকতার প্রশংসা করেন সার্ফ লাইফ সেভিং-এনএসডব্লিউ এর প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স।

সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, এই ব্যক্তি তার সার্ফিং বোর্ড থেকে হাঙ্গরের ওপর ঝাঁপিয়ে পড়েছেন।  স্ত্রীকে বাঁচাতে হাঙ্গরের সঙ্গে লড়াই করেছেন। এরপর আহত স্ত্রীকে সৈকতে ফিরে আসতে সহায়তা করেছেন, কিছু বাদ যায়নি। সত্যিই তিনি একজন বীর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ