ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ২৭ আগস্ট ২০২০

ঘূর্ণিঝড় লরার প্রভাবে যুক্তরাষ্ট্রে ভূমি ধস

বৃহস্পতিবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লুইজিয়ানায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় লরা। ঘূর্ণিঝড়টির প্রভাবে সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটিতে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।

ঘূর্ণিঝড় লরা নর্থওয়ার্ডের দিকে অগ্রসর হওয়ার সময় লেক চার্লস এলাকায় বহু বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, কাঁচের দরজা জানালা ভেঙে পড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শক্তিশালীয় ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

লুইজিয়ানা রাজ্যের উপকূলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি চার মাত্রা বলে উল্লেখ করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। তবে ধীরে ধীরে এই ঝড়ের শক্তি কমে গিয়ে বৃহস্পতিবার সকালের দিকে এটি ক্যাটাগরি ২ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড় উত্তর এবং উত্তর-পূর্বের দিকে অগ্রসর হওয়ার সময় ব্যাপক তাণ্ডব চালাবে বলে আগেই সতর্ক করা হয়েছে।

লুইজিয়ানায় ঘূর্ণিঝড় লরা আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা ১৫০ মাইল। দেশের অভ্যন্তরের দিকে এগোতে থাকা হারিকেনটির কারণে ‘নজিরবিহীন’ জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেক চার্লস, লুইজিয়ানার বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের সময় তারা প্রচন্ড শব্দে দরজা, জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দ পাওয়া গেছে। ইতোমধ্যেই ওই এলাকার প্রায় সাত লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে স্থলভাগে উঠে আসে এই ঘূর্ণিঝড়।

এর আগে ২০০৫ সালে নিউ অরলিন্সে প্রায় একই মাত্রার ঝড় ক্যাটরিনার আঘাতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। উপকূলীয় এলাকার আশপাশের রাস্তাঘাট ইতোমধ্যেই তলিয়ে গেছে।

সিএনএন জানিয়েছে, ঝড়ের আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসের অন্তত ২ লাখ ৮৫ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর আগে তাণ্ডব চালিয়েছে আরেকটি সামুদ্রিক ঝড় মার্কো। এর প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ