ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

লাদাখ সীমান্তে সেনা মোতায়েন বন্ধে চীন-ভারত সম্মত

ফাইল ছবি

ফাইল ছবি

বিতর্কিত লাদাখ সীমান্তে সেনা মোতায়েন বন্ধ এবং সেখানকার উত্তেজনা পরিস্থিতি প্রশমন করতে সম্মত হয়েছে চীন ও ভারত। 

সোমবার নয়াদিল্লি থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই পক্ষের ভুল বোঝাবুঝি ও ভ্রান্ত ধারণা এড়াতে এবং এককভাবে সীমান্তে পরিস্থিতি পরিবর্তন করা থেকে বিরত থাকতে একমত হয়েছে দুই দেশ। 

সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, সোমবার দু’দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সীমান্ত নিয়ে আলোচনার জন্য ষষ্ঠবারের মতো বৈঠকে বসেন।

আলোচনায় সীমান্তে নতুন করে সেনা মোতায়েন না করা ও পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ না নেয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এবারই প্রথম ভারত-চীন সীমান্ত নিয়ে সামরিক পর্যায়ের কোনো বৈঠকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন লেহতে ভারতীয় সেনাবাহিনীর ১৪ কর্পস বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চীনা দলের নেতৃত্ব দেন দক্ষিণ শিনজিয়াং সামরিক অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন।

এর আগে লাদাখ সীমান্তে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা নিরসনে পাঁচটি পরিকল্পনায় সম্মত হয় চীন ও ভারত। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠকে সীমান্তে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ গ্রহণে সম্মত হয়। তবে কূটনেতিক, সামরিক ও রাজনৈতিক সমাধানের এই চেষ্টা সত্ত্বেও দুপক্ষের মধ্যে উত্তেজনা বজায় আছে সীমান্তে।

গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি লংঘন ও সীমান্তে সেনা সম্প্রসারণ অব্যাহত রাখার অভিযোগ আনে। এসব অভিযোগের পরও মঙ্গলকাল এই বিষয়ে উভয় পক্ষ শান্তি নিশ্চিত করতে সম্মত হলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়