ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪৫, ৩০ এপ্রিল ২০২১

সব রেকর্ড ছাড়িয়ে ভারতে একদিনে পৌনে চার লাখ শনাক্ত

পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিবেশী দেশ ভারত। একদিনেই প্রায় ৪ লাখ করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। টানা ৯ দিন ধরে ৩ লাখের বেশি করোনা পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। 

শুক্রবার (৩০ এপ্রিল) দেশটি সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড করেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৪৯৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত। ভারতে এ পর্যন্ত মোট ১ কোটি ৮৭ লাখ ৬২২ হাজার ৯৭৬ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ায় ঘরের মধ্যেও নাগরিকদের মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার। সেই সঙ্গে এখন বাড়িতে বাইরের কাউকে না ডাকা এবং অযথা বাইরে না বেরুনোর পরামর্শও দেয়া হয়েছে।

ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। তাতেও কুলিয়ে উঠতে পারছেন না সংশ্লিষ্টরা। খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছেন মুসলিমরাও।

কয়েকটি রাজ্যের স্বাস্থ্যকর্মীরা বিধ্বস্ত হয়ে পড়েছেন। তারা জানিয়েছেন, এর আগে এমন অবস্থা কখনো দেখেননি তারা। ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে। করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভারতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।

সর্বশেষ আপডেট অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখের। একদিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জনের শরীরে। সারা বিশ্বে করোনাভাইরাসের আপডেট জানতে ক্লিক করুন...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ