ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২০, ৩০ এপ্রিল ২০২১

করোনাকালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর

সিঙ্গাপুর

সিঙ্গাপুর

বিশ্বব্যাপী তাণ্ডব দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ১৫ কোটির বেশি মানুষ এই ভাইরাসের প্রকোপে পড়েছেন। যাদের মধ্যে ৩২ লাখ মানুষ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সম্প্রতি বিভিন্ন দেশেই বাড়ছে করোনার সংক্রমণ। তবে মহামারিকালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচিত হয়েছে সিঙ্গাপুর।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করেছে এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি।

করোনাভাইরাসের মহামারির মধ্যে কোন দেশগুলো অপেক্ষাকৃত নিরাপদ তা প্রকাশ করতেই গত বছরের নভেম্বরে কোভিড সহনশীলতা র‍্যাংকিং চালু করে ব্লুমবার্গ। প্রতিমাসে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে।

সাম্প্রতিক র‍্যাংকিং প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ শূন্যের কোঠায় নামানোর পাশাপাশি এশিয়ার মধ্যে দ্রুততম গতিতে টিকাদান চালিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে স্থানীয়ভাবে সংক্রমণ শূন্যতে নেমে এসেছে। আর ইতোমধ্যেই দেশটির এক পঞ্চমাংশ মানুষ টিকা নিয়ে ফেলেছে।

ব্লুমবার্গ বলছে, র‍্যাংকিংয়ের শীর্ষ তিন দেশ সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যেই নিজ দেশের জনগোষ্ঠীকে আন্তর্জাতিক ভ্রমণ বাদে প্রাক-মহামারি সময়ের মতো জীবনযাপন করতে দিতে সক্ষম হয়েছে। এর ফলে ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কাও ঠেকানো গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

র‌্যাংকিংয়ে স্থান পাওয়া ৫৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৩০তম। বাংলাদেশের অবস্থান ৪১তম। আর সবচেয়ে নিচে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং ব্রাজিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়