ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ১ মে ২০২১
আপডেট: ১৫:৪৪, ১ মে ২০২১

জরুরি ভিত্তিতে মডার্নার টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিনকে জরুরি অনুমোদনের তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে মোট পাঁচটি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে সংস্থাটি।

শুক্রবার এক বিবৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘এর উদ্দেশ্য হল গুরুত্ব অনুযায়ী ওষুধ, টিকাকে যত দ্রুত সম্ভব সহজলভ্য করা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্য ভ্যাকসিনের সরবরাহ নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বেশি ভ্যাকসিনের অনুমোদন জরুরি ছিল। এক্ষেত্রে ভারতের উদাহরণ দিয়েছে সংস্থাটি।

ভারতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে উৎপাদিত ভ্যাকসিন অন্য দেশে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মডার্না চলতি সপ্তাহে জানিয়েছে, তারা উৎপাদন প্রক্রিয়া আরও বিস্তৃত করতে চায়। ২০২২ সাল নাগাদ ৩ বিলিয়ন ডোজ উৎপাদনের সক্ষমতা অর্জনের আশা তাদের।

ডব্লিউএইচও আগে থেকেই জানিয়েছে, মডার্নার টিকা ১৮ বছরের বেশি বয়সী সব মানুষকে দেয়া যায়।

মডার্নার মতো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা গত বছরের শেষদিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ডব্লিউএইচও।

এরপর থেকে অ্যাস্ট্রাজেনেকা-এসকে বায়ো, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং জনসন অ্যান্ড জনসনের টিকার নাম ওই তালিকায় যোগ করেছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ