ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১ মে ২০২১
আপডেট: ১৭:৪৭, ১ মে ২০২১

ভারত সরকারকে মার্চেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজ্ঞানীরা: রয়টার্স

করোনাভাইরাসের প্রকোপে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভারত। কোনোভাবেই ভাইরাসটির সংক্রমণে লাগাম টেনে ধরা যাচ্ছে না। এদিকে জানা গেছে, দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টারা গত মার্চেই নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয় নি। সরকারের এমন অবহেলায় দেশটিতে এখন এতো মানুষের মৃত্যু হচ্ছে। 

সম্প্রতি পাঁচ বিজ্ঞানীকে নিয়ে গঠিত এক ফোরামের চারজন রয়টার্সকে বলেছেন, নতুন এবং আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্টের বিষয়ে মার্চের শুরুতে সরকারকে অবহিত করা হয়।

তারা অভিযোগ করেছেন, তাদের হুঁশিয়ারি সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়তি কোনো কড়াকড়ি আরোপ করেনি। ঝুঁকির মধ্যেই লাখ লাখ মানুষকে কুম্ভমেলায় জড়ো হওয়ার অনুমতি দিয়েছে। নির্বাচনী জনসভা করে বেড়িয়েছেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলের নেতাকর্মীরা। এছাড়া মোদি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির কিনারে ঘাঁটি গেড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার কৃষক।

রয়টার্সের তথ্যমতে, সংক্রমণের ভয়াবহতার বিষয়ে মোদি সরকারকে মার্চের শুরুতেই সতর্ক করেছিল ‘ইন্ডিয়ান সার্স-কভ-২ জেনেটিকস কনসোর্টিয়াম’ (আইএনএসএসিওজি)। এই ফোরাম এমন একজন শীর্ষ কর্মকর্তার অধীনে, যিনি সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।

জানা যায়, ভারতে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের জন্য বৈজ্ঞানিক পরামর্শকদের নিয়ে গত বছরের ডিসেম্বরে আইএনএসএসিওজি গঠন করে ভারতীয় সরকার। বিজ্ঞানীদের এই ফোরাম তাদের কাজের সুবিধার্থে ভারতের বড় ১০টি ল্যাবরেটরিকে একসুতোয় বেঁধেছিল।

আইএনএসএসিওজির সদস্য এবং রাষ্ট্রপরিচালিত ইনস্টিটিউট অব লাইফ সায়েন্সেস-এর পরিচালক অজয় পারিদা জানান, তারা ফেব্রুয়ারির প্রথম দিকেই বি.১.৬১৭ চিহ্নিত করেন, যেটি করোনার ভারতীয় ধরন বলে পরিচিত।

আইএনএসএসিওজি তাদের আবিষ্কারের তথ্য ১০ মার্চের আগেই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (এনসিডিসি) কাছে পাঠিয়ে দেয়। এসময় বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারতের বিভিন্ন অংশে দ্রুত সংক্রমণ বেড়ে যেতে পারে।

খসড়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল, ই৪৮৪কিউ ও এল৪৫২আর নামে রূপান্তর দুটি ‘মারাত্মক উদ্বেগ’-এর কারণ। সহজভাবে বললে, করোনার ভারতীয় ধরনটি সহজেই মানবকোষ আক্রমণ করে ওই ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা তৈরি করতে পারে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ্যে আনে আরও দুই সপ্তাহ পর, মার্চের ২৪ তারিখে। তবে তারা যে বিবৃতি দিয়েছিল, সেখানে ‘মারাত্মক উদ্বেগ’ কথাটির কোনও উল্লেখ ছিল না। তারা শুধু বলেছিল, অধিক সংক্রামক নতুন ধরনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে নমুনা শনাক্তকরণ ও কোয়ারেন্টাইন বাড়ানো হচ্ছে।

রয়টার্সের বিশেষ প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিজ্ঞানীরা হুঁশিয়ারি দেয়ার পরেও লোকসমাগম কমাতে কোনও পদক্ষেপই নেয়নি ভারত সরকার। ফলে মাত্র একমাসের ব্যবধানে সংক্রমণের হার চারগুণ বেড়ে যায়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ