ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ২ মে ২০২১
আপডেট: ২১:৪১, ২ মে ২০২১

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা নির্বাচন কমিশনের

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীই জিতেছেন। সেখানে ভোট পুনর্গণনা হবে না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব জানান, আপাতত শুভেন্দুই জয়ী। পুনর্গণনার কোনো আবেদন এখনও জমা পড়েনি। তেমন কিছু হাতে পেলে সেই মতো সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার।

কিন্তু তার কিছুক্ষণ পরেই নন্দীগ্রামের রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন তাতে দেখা যায়, নন্দীগ্রামে শুভেন্দুই জয়ী হয়েছেন।

এর আগে রোববার ১৭ রাউন্ড ভোট গণনার পর খবর আসে, সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জয়ী হয়েছেন। কিন্তু সন্ধ্যা গড়াতেই মমতার জয় নিয়ে বিভ্রান্তি শুরু হয়। সার্ভারে সমস্যার কারণে সঠিকভাবে কিছু জানাও যাচ্ছে না। তারপরই খবর আসে, নন্দীগ্রামে ১ হাজার ৬২২ ভোটে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন।

অবশেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার জানান, নন্দীগ্রামে ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। আর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। অর্থাৎ, প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই সবার চেয়ে এগিয়ে।

তবে সংবাদ সম্মেলনে নন্দীগ্রামে হেরে গেছেন জানিয়ে মমতা বলেন, ‘আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। আদালতে যাব।’

আনন্দবাজার পত্রিকার হিসাবে, ক্ষমতাসীন তৃণমূল বর্তমানে ২১৫ আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপি এগিয়ে আছে ৭৫ আসনে। তবে বিজেপির জন্য একমাত্র স্বস্তির খবর, নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়