ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ৫ মে ২০২১
আপডেট: ১১:৫৬, ৫ মে ২০২১

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিদি

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। শপথ গ্রহণ শেষেই তিনি তার প্রথম কাজ হবে করোনা মোকাবিলা বলে জানিয়েছেন। 

বুধবার (৫ মে) সকালে রাজ্যপালের কাছ থেকে শপথবাক্য পাঠ করেন মমতা। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে, শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তাঁর সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা।

রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তার পর দুপুর ৩টের সময় সাংবাদিক বৈঠক করবেন মমতা। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে সবাইকে জানাবেন মুখ্যমন্ত্রী।

মমতার এই শপথবাক্য পাঠের অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজিত হলেও বিরোধী দলের নেতাদের ঠিকই আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বিরোধী নেতা ছাড়াও নিজের দলের বেশ কয়েকজনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পি কে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখার্জি, রাজ্যসভার সংসদ সদস্য সুব্রত বক্সি প্রমুখ।

উল্লেখ্য, ভারতের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। যদিও গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে জিততে পারেননি মমতা। তবে পরাজিত হলেও সংবিধান অনুযায়ী হওয়ার সুযোগ আছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ