ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ৭ মে ২০২১
আপডেট: ১৩:৩১, ৭ মে ২০২১

ভারতে আবারও রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত ও মৃত্যু

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বৃহস্পতিবার দেশটিতে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে। এ দিন ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ হাজার বেশি। আর এই সময়ে মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন।

জানা যায়, ভারতে এ নিয়ে টানা ১০ দিন ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হলো। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। আর করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪০ জনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) বৃহস্পতিবার পর্যন্ত ২৯ কোটি ৮৬ লাখ ১ হাজার ৬৯৯টি করোনার নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে বৃহস্পতিবার পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ৪৯০টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এদিন এ রাজ্যে ৮৫৩ জন মারা গেছেন। এদিকে উত্তরপ্রদেশ, দিল্লি ও কর্নাটকে ৩০০ জনেরও বেশি করে করোনা রোগী মারা গেছেন। করোনা সংক্রমণ বাড়ায় কেরালা ও মধ্যপ্রদেশে লকডাউন জারি করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে পশ্চিমবঙ্গে ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৯৬৪ জনে। এই সময়ে ১৮ হাজার ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩৫ হাজার ৬৬ জনে। পশ্চিমবঙ্গে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তে এটাই সর্বোচ্চ রেকর্ড।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ