ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ৭ মে ২০২১
আপডেট: ১৯:৩১, ৭ মে ২০২১

শনি বা রোববার পৃথিবীতে আছড়ে পড়তে পারে চীনা রকেটের টুকরো!

নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের বৃহত্তম রকেট লং মার্চ ৫-বি এর খসে যাওয়া টুকরো আগামী শনি বা রোববার পৃথিবীর বুকে আছড়ে পড়বে। এমনটাই ধারণা করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। তবে ঠিক কোন সময়ে ও কোথায় এটি পড়বে তা জানা এখনও সম্ভব হয়নি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, চীনা রকেটটি গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নেই।

তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু করার সক্ষমতা রয়েছে, কিন্তু এটিকে গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা আমাদের নেই। আমাদের প্রত্যাশা এটি এমন কোনো জায়গায় পড়বে যেখানে কারোর ক্ষতি হবে না। আশা করা যায় সাগর অথবা এমন কোনো জায়গায়।’

গত ২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের রকেটটি চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়। রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের ‘মডিউল’টিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে।

লয়েডের ধারণা, কক্ষপথচ্যুত হয়ে যাওয়ার বিষয়টি চীনারা অবহেলা করেছিল।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যারা মহাকাশে কার্যক্রম পরিচালনা করি তাদের একটি শর্ত থাকা উচিত, অথবা নিরাপদ ও বিবেচনার সঙ্গে কার্যক্রম চালাতে শর্ত থাকা উচিত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মহাকাশে ‘কার্যক্রম চালানোর পরিকল্পনা করার সময় আমরা এই ধরনের জিনিসগুলো বিবেচনায় নেব’ তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

মহাকাশ বিশেষজ্ঞ সং ঝংপিংয়ের বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের স্পেস মনিটরিং নেটওয়ার্ক এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখবে এবং কোথাও কোন ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মহাকাশে এই রকেটের ধবংসাবশেষ এখন পৃথিবী প্রদক্ষিণ করছে এবং এটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ঢুকছে। এর মানে হল, এটি পৃথিবীর চারিদিকে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে নীচের দিকে নেমে আসছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে, এই রকেটের ধ্বংসাবশেষ জনবহুল অঞ্চলে বিধ্বস্ত হতে পারে আবার আন্তর্জাতিক জলসীমাতেও পড়তে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ