ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ৮ মে ২০২১
আপডেট: ২০:৩১, ৮ মে ২০২১

শিশুদের আগে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনা টিকা দেয়ার আহবান

শিশুদের আগে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কানাডায় ফাইজারের টিকা শিশুদের ব্যবহারের অনুমোদন দেওয়ার পর সংস্থাটি শুক্রবার এ আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের পরিচালক ড. কেট ওব্রিয়েন বলেছেন, করোনায় সবচেয়ে কম ঝুঁকিতে যারা রয়েছে, তাদের চেয়ে বিশ্বের সকল দেশে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে টিকা পাওয়ার অগ্রাধিকার তাদের বেশি।

কানাডা বুধবার ১২ ও তার চেয়ে বেশি বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এ ধরনের অনুমোদন দেওয়া কানাডাই বিশ্বের প্রথম দেশ।

এদিকে কানাডার প্রধান চিকিৎসা উপদেষ্টা সুপ্রিয়া শর্মা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন খুব শিগগিরই এ পদক্ষেপ অনুসরণ করবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রও ফাইজারের টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের ব্যবহারের জন্য আগামী সপ্তাহে অনুমোদন দিতে যাচ্ছে।

এ ধরনের অনুমোদনের ফলে ধনী দেশগুলোতে আরও লাখ লাখ লোকের টিকা পাওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু এর ফলে আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য অনুন্নত দেশে টিকার সরবরাহে ঘাটতি নিয়ে ডব্লিউএইচও’র উদ্বেগ বেড়েছে।

ও ব্রিয়েন বলেন, আমরা ন্যায়সঙ্গতভাবে টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারলে বিশ্বের বিভিন্ন দেশ অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান বাস্তবায়িত করতে পারবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ