আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:১৯, ১১ মে ২০২১
কুম্ভমেলার তীর্থযাত্রীরাই ভারতজুড়ে ছড়িয়েছেন করোনা
কুম্ভ মেলায় যোগ দেয়া অন্তত নয়জন হিন্দু ঋষিরও কোভিড ধরা পড়েছে
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই কুম্ভ মেলা বাতিল করতে চান নি, তার কারণ এটি করলে তিনি সম্ভবত ধর্মীয় নেতাদের দিক থেকে তোপের মুখে পড়তেন। এই হিন্দু পুরোহিত, ঋষি এবং গুরুরা বিজেপির বড় সমর্থক। তারা নির্বাচনের সময় হিন্দু ভোট জোগাড় করে দিতে বড় ভূমিকা রাখে।'
প্রথমে করোনা আক্রান্তের সংখ্যা কয়েকটি রাজ্যে ধরা পড়লেও, এতোটা কাহিল অবস্থায় ছিলো না ভারত। গত মাস থেকেই যেন ভারতে করোনা তাণ্ডব চালাচ্ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষ। আবার মৃত্যুবরণও করছেন অসংখ্য ভারতীয় নাগরিক। ভারতে করোনাভাইরাসের আলাদা একটি ভ্যারিয়েন্টও সৃষ্টি হয়েছে যাকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলা হচ্ছে। এই ভারতীয় করোনার ধরনটি মারাত্মক, আক্রান্ত হলেই বেড়ে যায় মৃত্যুর সম্ভাবনা।
তবে ভারতে করোনা সৃষ্ট করুণ এই পরিস্থিতিতেও বন্ধ ছিলো না হিন্দুদের ধর্মীয় উৎসব কুম্ভমেলা। প্রতি বছর লাখ লাখ মানুষের সমাগম ঘটে এই কুম্ভমেলায়। তবে করোনাকালে এই কুম্ভমেলার তীর্থযাত্রীরাই পুরো ভারতে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছেন বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, গতমাসে ভারত যখন করোনাভাইরাসের বিধ্বংসী দ্বিতীয় ঢেউ সামলাতে লড়াই করছে, তার মধ্যেই হিমালয় অঞ্চলের শহর হরিদ্বারে কুম্ভ মেলায় লাখ লাখ ধর্মপ্রাণ হিন্দু সমবেত হয়েছিল।
তখন অনেকেই আশংকা করেছিল, এই কুম্ভ মেলা এক "সুপার-স্প্রেডার ইভেন্ট", অর্থাৎ করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়ানোর এক বড় অনুষ্ঠানে পরিণত হবে। এখন মনে হচ্ছে সেই আশংকাই সত্যি হয়েছে। কুম্ভ মেলা থেকে ফিরে আসা লোকজনকে পরীক্ষা করে কোভিড সংক্রমণ ধরা পড়ছে এবং তারা যে সম্ভবত আরও লোকজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিয়েছে - সেরকম খবর আসছে ভারতের অনেক এলাকা থেকে।
বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে কুম্ভমেলার মাধ্যমে করোনা ছড়ানোর বাস্তব ঘটনাও। বিবিসি জানাচ্ছে, মাহান্ত শংকর দাস হরিদ্বারে এই উৎসবে যোগ দিতে এসেছিলেন ১৫ই মার্চ। তখন ভারতের অনেক অংশেই কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে। উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার চারদিন পর, এপ্রিলের ৪ তারিখে ৮০ বছর বয়সী এই হিন্দু পুরোহিত কোভিড পজিটিভ বলে পরীক্ষায় ধরা পড়লেন, এবং তাঁকে একটি তাবুতে ফিরে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে বলা হলো।

কিন্তু একাকী আলাদা থাকার পরিবর্তে মাহান্ত শংকর দাস তার ব্যাগ গুছিয়ে একটি ট্রেন ধরলেন এবং প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারাণসী পৌঁছালেন। সেখানে স্টেশনে তার ছেলে নগেন্দ্র পাঠক তাকে নিতে আসলেন এবং তারা আরও কিছু লোকের সঙ্গে একটি ট্যাক্সি শেয়ারে ভাড়া করে ২০ কিলোমিটার দূরের জেলা মির্জাপুরে তাদের গ্রামে পৌঁছালেন।
মাহান্ত দাস সম্প্রতি তাঁর বাড়ি থেকে টেলিফোনে বিবিসি বাংলার ঐ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জানালেন, তিনি বেশ "সুস্থ এবং সবল" আছেন, এবং বাড়ি ফিরে আসার পর থেকে কোয়ারেন্টিনে থাকছেন।
এটা তো গেল মাহান্ত দাসের কথা। তিনি 'সুস্থ-সবল' হয়ে উঠলেও তার ছেলে নগেন্দ্র পাঠক জানালেন, বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু গত দুই সপ্তাহে গ্রামে জ্বর এবং কাশির উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছে।
কুম্ভমেলায় এমন হাজারো ঘটনা ঘটেছে যার মাধ্যমে করোনার সংক্রমণ বাড়তে পারে।
রোগতত্ত্ববিদ ডাঃ ললিত কান্ত বিবিসির দেওয়া এক প্রতিবেদনে বলছেন, "মাস্ক না পরে তীর্থযাত্রীদের বড় বড় দল যখন নদীর তীরে দাঁড়িয়ে গঙ্গার বন্দনা করছে", তখন আসলে এটি দ্রুত ভাইরাস ছড়ানোর এক আদর্শ পরিবেশ তৈরি করছে। "আমরা জানি যে গির্জায় কিংবা মন্দিরে যখন সমবেত মানুষ এক সঙ্গে কোরাসে গান গায়, সেটি তখন একটি 'সুপার-স্প্রেডার ইভেন্টে' পরিণত হয়।"
হরিদ্বারের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ২,৬৪২ জন তীর্থযাত্রী কোভিড-পজিটিভ বলে ধরা পড়েছিল, যাদের মধ্যে কয়েকজন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাও ছিলেন।
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং সাবেক রাণী কমল শাহ এই কুম্ভমেলা থেকে ফিরে আসার পর পরীক্ষা করে তারাও কোভিডে আক্রান্ত বলে জানা গেছে।
বলিউডের সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোরও এই কুম্ভমেলা থেকে ফেরার কদিন পর মুম্বাইয়ের এক হাসপাতালে মারা যান। মেলায় যোগ দিতে যাওয়া আরেকটি দলের নয় জন হিন্দু ঋষি মারা যান।
কুম্ভ মেলা থেকে ফেরা তীর্থযাত্রীরা অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে এমন আশংকার মধ্যে কয়েকটি রাজ্য তাদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধান চালু করে। যারা কুম্ভ মেলায় যাওয়ার খবর চেপে যাওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়।
কোন কোন রাজ্যে এদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়। কিন্তু খুব কম রাজ্যেই আসলে কুম্ভ মেলায় যাওয়া লোকজনের কোন তালিকা আছে এবং কোন রাজ্যেই এমন নিশ্ছিদ্র কোন ব্যবস্থা নেই যেটি দিয়ে তাদের সীমান্ত দিয়ে কে ঢুকছে আর কে বেরুচ্ছে সেটার ওপর নজর রাখা যাবে।

গত দু'সপ্তাহ ধরে ভারতের সমস্ত জায়গা থেকেই এমন খবর আসতে শুরু করেছে যে কুম্ভ মেলা থেকে ফিরে আসা লোকজনকে পরীক্ষা করে কোভিডের সংক্রমণ ধরা পড়ছে:
- রাজস্থানের কর্তৃপক্ষ তাদের রাজ্যে, বিশেষ করে পল্লী এলাকায় দ্রুত কোভিড ছড়িয়ে পড়ার জন্য তীর্থযাত্রীদের দায়ী করছে
- পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় কুম্ভ মেলা থেকে ফেরা ২৪ জনের কোভিড ধরা পড়েছে
- গুজরাটে কুম্ভমেলা থেকে ফিরছে এমন ৩১৩ জন ট্রেন যাত্রীর মধ্যে ৩৪ জনের কোভিড ধরা পড়েছে।
- মধ্যপ্রদেশের একটি শহরে কুম্ভমেলা থেকে ফেরা ৬১ জনের মধ্যে ৬০ জনের, অর্থাৎ ৯৯ শতাংশই কোভিড-পজিটিভ পাওয়া গেছে পরীক্ষায়। কর্মকর্তারা এখন কুম্ভমেলা থেকে ফেরা আরও ২২ জনকে হন্যে হয়ে খুঁজছেন।
"এটা একটা ভয়ংকর বিপর্যয় ডেকে এনেছে", বলছেন ডাঃ কান্ত।
"আর এই সংখ্যাগুলো আসলে ভাসমান বরফখন্ডের চূড়া মাত্র। এই তীর্থযাত্রীরা যখন দলবেঁধে ভিড়ের মধ্যে ট্রেনে-বাসে ভ্রমণ করছে, তখন কিন্তু তারা সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। আমি কোন দ্বিধা ছাড়াই বলতে পারি, ভারতে যে করোনাভাইরাসের সংক্রমণ এত বাড়ছে, তার একটা প্রধান কারণ এই কুম্ভ মেলা।
সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই কুম্ভ মেলা বাতিল করতে চান নি, তার কারণ এটি করলে তিনি সম্ভবত মাহান্ত দাসের মতো ধর্মীয় নেতাদের দিক থেকে তোপের মুখে পড়তেন। এই হিন্দু পুরোহিত, ঋষি এবং গুরুরা বিজেপির বড় সমর্থক। তারা নির্বাচনের সময় হিন্দু ভোট জোগাড় করে দিতে বড় ভূমিকা রাখে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























