ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ১৩ মে ২০২১
আপডেট: ২০:৫৪, ১৩ মে ২০২১

ঈদের দিনেও ইসরায়েলি হামলায় প্রাণ গেল ১৯ ফিলিস্তিনির

বিশ্বের বিভিন্ন দেশের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিন বাহিনীটির নৃশংস হামলায় গাজায় আরও ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ১০ মে থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭ জন শিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ৪৮০ জন ফিলিস্তিনি। খবর আল-জাজিরার।

অপরদিকে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরায়েল অভিমুখে রকেট হামলায় এ পর্যন্ত ৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের দিনেও বিমান হামলা চালিয়ে গাজার বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বুধবার গভীর রাতে এবং বৃহস্পতিবার সকালে গাজার নিকটবর্তী ইসরায়েলের বিভিন্ন শহরে কয়েকশ রকেট নিক্ষেপ করেছে হামাস। তারা পশ্চিম তীরে আরও সেনা মোতায়েন করেছে। সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি যুদ্ধাস্ত্র সামগ্রীর সরবরাহও বাড়ানো হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অবিলম্বে দুই পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। অপরদিকে রাশিয়া ও মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী এদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন। তারা গাজায় ইসরায়েলির রক্তাক্ত হামলা বন্ধে দ্রুত বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

গত ১০ মে স্থানীয় সময় সন্ধ্যার দিকে গাজা উপত্যকায় সিরিজ বিমান হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। হামলার প্রথম দিনে তিন শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়। দ্বিতীয় দিনে তা বেড়ে ২৮ এবং তৃতীয় দিনে ৬৫ জনে দাঁড়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ