ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১৪ মে ২০২১
আপডেট: ২৩:৪০, ১৪ মে ২০২১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে। এদের মধ্যে ৩১টি শিশু ও ২০ জন নারীও রয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলের ৪০ মিনিটের হামলায় নতুন করে ১৩ ফিলিস্তিনি নিহত হন।

অন্যদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত আটজন ইসরায়েলি নিহত হয়েছেন। এদের মধ্যে দুটি শিশু, একজন ভারতীয়, একজন বয়স্ক নারী ও এক সেনাসদস্য রয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয় সংক্রান্ত সমন্বয় অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় ২০০’রও বেশি ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শত শত মানুষ উত্তরাঞ্চলের উপকূলীয় ছিটমহলের স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক মুখপাত্র জোনাথান কনরিকাস বলেছেন, ‘আমরা যাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছি তা হল গাজার ভূগর্ভস্থ সুরঙ্গ যা মূলত উত্তরাঞ্চলে ও এর আশেপাশে বিস্তৃত। এই নেটওয়ার্কটি হামাস তাদের চলাচল, আত্মগোপন ও সুরক্ষার জন্য ব্যবহার করে।’ এটিকে মেট্রোও বলা হয় বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ও কট্টরপন্থী ইহুদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে দফায় দফায় যাতে অধিকাংশই আহত হয়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ওপর এসব হামলার জবাবে হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর ইসরায়েল গাজায় ব্যাপকভাবে হামলা শুরু করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ