ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ মে ২০২১
আপডেট: ১৩:৫৫, ১৯ মে ২০২১

সস্ত্রীক করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি একাই নন, তার স্ত্রী মীরা ভট্টাচার্যও ভাইরাসটির প্রকোপে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মঙ্গলবার রাতে বুদ্ধদেবের স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর বুদ্ধদেব বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

পরিবার সূত্র জানা গেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তার। এ কারণে স্বাভাবিকভাবেই করোনা তার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

অন্যদিকে, মীরা ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ও তার স্ত্রী তেমন বাড়ির বাইরে বের হননি। এবার ভোটও দেননি। গত কয়েকদিন ধরে তাদের শারীরিক সমস্যা দেখা দেয়ায় করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালে রিপোর্ট পজিটিভ আসে।

ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৪৪ সালে উত্তর কলকাতায় তার জন্ম। তিনি বাংলার তারুণ্যের কবি হিসেবে পরিচিত সুকান্ত ভট্টাচার্যের ভাতিজা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ