ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ২০ মে ২০২১
আপডেট: ২০:৫৮, ২০ মে ২০২১

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করল ভারত সরকার

করোনায় বিপর্যস্ত ভারতের নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। এই ইনফেকশনটি এতটাই ভয়ঙ্কর যে, ত্বক থেকে ফুসফুস এবং মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে‌। এমনকি এই ধরনের রোগীদের অনেকে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। মারাও গেছেন অনেকে। 

এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে ভারত সরকার। এ রোগটিকে মহামারি ঘোষণার জন্য দেশটির সব রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল।

চিঠিতে রোগটিকে ‘মহামারি আইন’-এর অধীনে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। ফলে এখন থেকে ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে হবে রাজ্যগুলোকে। ঠিক যেমনটা হচ্ছে করোনাভাইরাসের ক্ষেত্রে।

আনন্দবাজার জানিয়েছে, মহামারি সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলোকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগারওয়াল।

সেই চিঠিতে তিনি লেখেন, ‘মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোকে মেনে চলতে হবে’। 

আরও পড়ুন: করোনা পরবর্তী ‘ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন’, লক্ষণ ও করণীয়

মহারাষ্ট্রে ইতোমধ্যেই দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছে। ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। পশ্চিমবঙ্গেও পাঁচজনের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে। এমস কেন্দ্রকে পরামর্শ দেয় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণার জন্য। রাজস্থান এবং তেলঙ্গানা ইতোমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। এর পরই সব রাজ্যগুলোকে তথ্য দিতে বলেছে কেন্দ্রীয় সরকার।

সাধারণত করোনা রোগী সেরে ওঠার পরে তাদের দেহে এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা গেছে। আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে ছত্রাককে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ