ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ৩১ মে ২০২১
আপডেট: ১৫:২২, ৩১ মে ২০২১

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাফতালি বেনেট!

বিতর্কিত বর্ষীয়ান রাজনীতিবিদ বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি দল লিকুদ পার্টির সরকারের লাগাম টানতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইসরায়েলের বিরোধী দলগুলো।

দেশটির মধ্যপন্থি দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করছেন।- আল জাজিরা

জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড়ে লাপিডের (৫৭) হাতে ছিল আর মাত্র দুদিন। শেষ সময়ে এসে উগ্র জাতীয়তাবাদী বেনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র ছয় আসন নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেনেট (৪৯)।

ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতিতে চালিয়ে গেছেন ধারাবাহিক নাটকীয়তা।  

ক্ষমতা আঁকড়ে ধরে কট্টরপন্থি ইহুদিদের খুশি রাখতে একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন গাজা, জেরুজালেম ও পশ্চিমতীরে।

কিন্তু এবার আর শেষ রক্ষা হচ্ছে না তার। লাপিডকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ১১ দিনের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। ওই হামলার জের ধরে লাপিডের জোট শরিক হওয়ার দৌড়ে থাকা আরব ইসলামিস্ট রাম পার্টি আলোচনা থেকে বেরিয়ে যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উভয়পক্ষ যে চুক্তিতে সম্মত হয়েছে, সেখানে আগামী দুই বছরের জন্য বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এর পর মেয়াদের বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিড।

ডানপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায়। তার এ সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে। তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সেই বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার চেষ্টা করছেন নাফতালি বেনেট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়