ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ৩১ জানুয়ারি ২০২৬

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে বিসিবির আড়াই কোটি টাকার টুর্নামেন্ট

ফাইল ছবি

ফাইল ছবি

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের। ফলে আইসিসির মেগা ইভেন্ট থেকে ছিটকে পড়ায় একধরনের অলস সময় পার করতে হতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের মাঠের বাইরে বসিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে এবং খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে রাখতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে নতুন একটি টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। চার দিনের এই আসরে জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের নিয়ে গঠিত তিনটি দল অংশ নেবে।

এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদ মোট ২ কোটি ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তিন দল, তিন অধিনায়ক
চার দিনের টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল- 

ধুমকেতু একাদশ
দুর্বার একাদশ
দুরন্ত একাদশ

ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। এ ছাড়া যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী নেতৃত্বে খেলবে দুরন্ত একাদশ।

কোচিং প্যানেলও চূড়ান্ত
টুর্নামেন্টকে ঘিরে তিন দলের কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে বিসিবি।

ধুমকেতু একাদশ
প্রধান কোচ: মোহাম্মদ সালাহউদ্দিন
সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল
দুর্বার একাদশ
প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল
সহকারী কোচ: তুষার ইমরান
দুরন্ত একাদশ
প্রধান কোচ: হান্নান সরকার
সহকারী কোচ: রাজিন সালেহ

বিসিবির এই উদ্যোগকে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস, ফর্ম ও মানসিক প্রস্তুতি ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বল্প সময়ের হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসর ক্রিকেটারদের জন্য কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে বলেই আশা করা হচ্ছে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়