Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

সাফওয়ান মনসুর

প্রকাশিত: ১৮:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজারে মেগা টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ ইউ সিক্স) আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–০৮)-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় খেলা। সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল ইউ এল নাইট রাইডার্স ও এস এস সুপার কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইউ এল নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয়। দলের পক্ষে আহনাফ বকশি একাই লড়াই করে দৃষ্টিনন্দন অর্ধশতক তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে এস এস সুপার কিংস শুরুতে নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চাপে পড়ে যায়। তবে দলের অলরাউন্ডার রানা দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে এস এস সুপার কিংস। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রানা ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সামসুল খান। সেরা বোলার ও উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান রাকিব রাজা। এছাড়া সেরা ব্যাটসম্যানের স্বীকৃতিও অর্জন করেন সামসুল খান।

এদিকে অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট–০২ এ চ্যাম্পিয়ন হয়েছে কিংস ইলেভেন বি এম এবং রানার্সআপ হয়েছে এস টি টাইটান্স।

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্সের সহ-সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান ফয়েজের পরিচালনায় আয়োজিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, যুব সংগঠক আহমেদ আহাদ, সমাজসেবক ছালিকুল আলম টুকু, নুরুল ইসলাম নানু, মুজিবুর রহমান, সাহাদ আহমেদ, জুয়েল আহমেদ, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম সারজুল, পারভেজ আহমেদ, শাহ গিয়াস আহমেদ, গিয়াস আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া সংগঠনের সহ-সভাপতি মুজাহিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমন ও মুরাদ আহমেদ, ট্রেজারার রাজন মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অদুদ আহমেদ মুফতি, সদস্য সচিব সৈয়দ আবেদ, মাজেদ ইমন, রকি, ফাহিম পিটি, সাকিব, জিলু, এমদাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড় আল ফাহাদ ও ইমন।

অনুষ্ঠানে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন সিপিএ ইউ সিক্সের উপদেষ্টা, ইউকে বিডি টিভি ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এবং টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী প্রত্যেক দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট–০১ ও ০২-এর টাইটেল স্পন্সর ছিল সাব্বির করিম ফাউন্ডেশন। টুর্নামেন্ট–০১-এর প্রথম ও দ্বিতীয় পুরস্কার প্রদান করে সিপিএ ইউ সিক্স ইউকে শাখা। টুর্নামেন্ট–০২-এর প্রথম পুরস্কার দেন জুবেল খান এবং দ্বিতীয় পুরস্কার দেন নাহেদুর রহমান (ইউকে)। টুর্নামেন্ট–০১ ও ০২-এর ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন সুমন আহমেদ (ইউকে)। এক্সসাইটিং প্লেয়ার পুরস্কার দেন ফ্রান্স প্রবাসী শাহ আলম এবং ‘ম্যাক্সিমাম সিক্স’ পুরস্কার প্রদান করে স্মার্ট ডিজিটাল সাইন। দেশ-বিদেশের আরও অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেন।

বক্তারা বলেন, সিপিএ ইউ সিক্সের ৮ম আসর শুরু থেকে ফাইনাল পর্যন্ত সুন্দর ও সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে একাটুনা ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত সবার সমন্বয়ে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে একাটুনা ইউনিয়নের তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সবশেষে উপস্থিত অতিথি, খেলোয়াড়, পৃষ্ঠপোষক ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলমগীর মিয়া।

ইএন/এসএইচএ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়