Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ১১ এপ্রিল ২০২৬

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত সূচনা করেও মাঝপথেই শেষ হয়ে গেল পারভেজ হোসেন ইমনের যাত্রা। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। চোটের কারণে আজ রাতেই দেশে ফিরছেন এই বাঁহাতি ব্যাটার। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে আসিফ আলির সঙ্গে সংঘর্ষে চোট পান ইমন। পরবর্তী এমআরআই স্ক্যানে তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকরা তাকে কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসনে থাকার পরামর্শ দিয়েছেন।

ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, সতর্ক মূল্যায়নের পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ ইমন। পিএসএলে অংশ নিতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই চোটের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হচ্ছে তাকে। 

আগামী ২৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত।

এবারই প্রথম পিএসএলে খেলতে গিয়েছিলেন ইমন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লাহোরের জার্সিতে তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেন এই হার্ডহিটার ওপেনার। এর মধ্যে মুলতানের বিপক্ষে মাত্র ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কাড়েন তিনি।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়