ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ১১ জুন ২০২৬
আপডেট: ১৬:২২, ১১ জুন ২০২৬

মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ

মাহদী হাসান

মাহদী হাসান

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) স্থানীয় নেতা মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত মাহদীকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, হামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও এ ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থানকালে আকস্মিকভাবে মাহদী হাসানের ওপর হামলা চালানো হয়। হামলার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে মাহদীর ওপর হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। মাহদীকে লাথি, কিল ও ঘুষি মারার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে এ ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়