ডেস্ক
আপডেট: ১৯:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২০
দুঃখ শুধু মৌলভীবাজারবাসীর
করোনা পরিস্থিতির মাঝেই প্রত্মতত্ত্ব অধিদপ্তরের একটি দল ঘুরে গেছে মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া ও জুড়ী উপজেলা। উদ্দেশ্য হাজার বছর আগের বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান। রাজনগরের পশ্চিমভাগ থেকে ১৯৫৮ সালে উদ্ধার হওয়া তাম্রশাসনের সূত্রে অনেকেরই ধারণা আশপাশে কোথাও রয়েছে হাজার বছরের পুরনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব। চন্দ্র বংশীয় রাজা শ্রীচন্দ্রের আমলের ওই তাম্রশাসনে চন্দ্রপুর বিষয় বা চন্দ্রপুর নামক ভূখণ্ডে ভূমিদানের বিবরণ রয়েছে। সে বিবরণ বিশ্লেষণে মৌলভীবাজারে হাজার বছরের পুরনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের অস্তিত্বের সন্ধান শুরু হয়েছে নতুন করে। হাজার বছর আগে মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় ছিলো কিনা সেটা গবেষণার বিষয়। তবে আধুনিক কালে মৌলভীবাজারে কোনো বিশ্ববিদ্যলয় না থাকাটা ব্যথা হয়েই বাজছে মৌলভীবাজারবাসীদের মনে। আর সে কষ্টটা বুকে বড় হয়ে দেখা দেয় যখন তারা দেখছেন সিলেট বিভাগের বাকি তিন জেলাতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠার পথে। ‘হাজার বছর আগে আমাদেরও বিশ্ববিদ্যালয় ছিলো’ অতীতের এমন গল্পে সন্তুষ্ট থাকা ছাড়া যেনো তাদের আর কিছু করার নেই।
সিলেট বিভাগের কেন্দ্রস্থল সিলেট জেলায় ৩টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিবিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রীতিমতো আলো ছড়াচ্ছে। আর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রস্তুত হচ্ছে আলো ছড়ানোর লক্ষ্যপূরণের উদ্দেশ্যে। বিভাগের বাকি ৩ জেলার মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জও প্রস্তুত বিশ্বভুবনের জ্ঞানের সন্ধানের জন্য। গেলো সপ্তাহেই এ দুই জেলা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নযাত্রায় আরও এক ধাপ এগিয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাভাইরাস মহামারীর মধ্যে অনুষ্ঠিত একাদশ সংসদের নবম অধিবেশনে আলোচনায় ছিলো দুই জেলার দুই বিশ্ববিদ্যালয়। সদ্য সমাপ্ত ওই অধিবেশনের প্রথম দিন ৭ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল। আর শেষ দিন বৃহস্পতিবার পাস হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল। অর্থাৎ সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন কোনো দূরের স্বপ্ন নয়। ক্রমেই উঠে আসছে হাতের নাগালে। শুধু তাই নয় একটি স্বপ্ন পূরণ হতে না হতে হাতছানি দিচ্ছে আরও নতুন নতুন স্বপ্ন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া সুনামগঞ্জে আরো একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও আলোচনা চলছে। সুনামগঞ্জের সন্তান পরিকল্পনামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সুনামগঞ্জে হবে কৃষি বিশ্ববিদ্যালয়ও। সিলেট বিভাগের তিন জেলার বিপরীতে মৌলভীবাজারেরই কেবল প্রাপ্তির খাতা একেবারেই শূন্য।
প্রাকৃতিক ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এক জনপদ মৌলভীবাজার। স্বতন্ত্র সংস্কৃতিতে ও অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এ জেলা। ইতিহাসের পাতায়ও রয়েছে এ জেলার গৌরবময় অবস্থান। হাওর-বাওর, পাহাড়-টিলায় ঘেরা চায়ের দেশ নামে পরিচিত এ জনপদ সিপাহী বিদ্রোহের প্রতিবাদী অগ্নিস্ফুলিঙ্গের সাক্ষী, মুঘলদের বিরদ্ধে পাঠান বীর খাজা ওসমানের বীরত্বে গল্পের রচয়িতা, একাত্তরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সেই অসীম সাহসিকতার স্মৃতিতে গর্বিত, সিলেটবিজয়ী সাধকপুরুষ হযরত শাহজালালের (রাহ.) সঙ্গী হযরত শাহ মোস্তফার (রাহ.) পদস্পর্শে ধন্য। সমৃদ্ধি আর গর্বের গল্পের বিপরীতে দীর্ঘশ্বাস হয়ে আছে একটি বিশ্ববিদ্যালয়েল অভাব। মৌলভীবাজারবাসী সেই অভাবটা অনুভব করছেন অনেকদিন ধরেই। সাথে অনুভব করছেন একটি মেডিকেল কলেজের অভাবও। এ দাবিতে তারা আন্দোলনও করছেন অনেক দিন ধরেই। তবে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি এখনও।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার চ্যাপ্টারের সভাপতি ছাদিক আহমদ মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় না থাকাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেন, মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্টদের কাছে এ দাবি বারবার উত্থাপন করা হয়েছে। এক্ষেত্রে আশ্বাস পেলেও বাস্তব কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তবে তিনি আশাবাদী শিগগিরই হয়তো মৌলভীবাজারবাসীর প্রাণের এ দাবিগুলো বাস্তব রূপ পাবে।
সংসদ সদস্য নেছার আহমদ বলেন, মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাকৃতিক উপহারে সমৃদ্ধ মৌলভীবাজারে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংসদেও বিষয়টি আলোচনা হয়েছে। মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস পেয়েছি। আশা করছি শিগগিরই মৌলভীবাজারবাসীর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হবে।
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কামাল হোসেন বলেন, মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিটি আমাদের দীর্ঘদিনের দাবি। তিনি এ দাবিটিকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৌলভীবাজার বিরাট একটি ভূমিকা পালন করছে। প্রবাসী অধ্যুষিত এ জনপদের বাসিন্দারা দেশের বাইরে থেকে রেমিট্যান্সের চাকাকে সচল রাখছেন, এখানকার চা বাগানগুলো থেকে সরকার বড় অঙকের রাজস্ব পাচ্ছে, এখানকার পর্যটন খাতও সরকারি আয়ের একটি উৎস। দেশের উন্নয়নে হবিগঞ্জ সুনামগঞ্জের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই এ জেলা। বরং সুনামগঞ্জ-হবিগঞ্জের চেয়ে সরকারকে বেশি রাজস্ব উপহার দিচ্ছে এ জেলা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে দ্রুত যেন এ জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
মৌলভীবাজারের পিছিয়ে থাকার গল্প নতুন নয়। প্রশাসনিক সুবিধার জন্য ব্রিটিশ আমলে যখন সিলেট জেলা ভাগ করা হলো তখন সুনামগঞ্জ, হবিগঞ্জ, করিমগঞ্জ আলাদা মহকুমার মর্যাদা পেলেও মৌলভীবাজার ছিলো সিলেটের অংশ। কয়েক বছর পর ১৮৮২ সালে দক্ষিণ শ্রীহট্ট নামে মহকুমা হিসেবে যাত্রা শুরু হয় মৌলভীবাজারের। পরে যাত্রা শুরু হলেও মৌলভীবাজার নিজের বৈশিষ্ট্যে অন্যদের সমান কাতারেই উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের স্বপ্নযাত্রায় পিছিয়ে থাকা মৌলভীবাজার আগামীতে এক্ষেত্রেও হয়তো সমানতালে পাল্লা দেবে বিভাগের অন্য জেলাগুলোর সাথে। মৌলভীবাজারবাসীর চোখে এমন স্বপ্নই খেলা করে সব সময়। আর স্বপ্নের পেছনে প্রেরণা হিসেবে শক্তি যোগাচ্ছে তাদের গর্বিত ইতিহাস।
মৌলভীবাজার থেকে মন্ত্রিসভায় প্রতিনিধত্বকারী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বললেন, মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বললেন, শিগগিরই হয়তো ঘোষণা আসতে পারে। সাধারণ বিশ্ববিদ্যালয় নাকি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে-এমন প্রশ্নে তিনি বললেন, সকলের চাওয়ার উপর ভিত্তি করেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি জানালেন, মৌলভীবাজারবাসী প্রত্যাশিত মেডিকেল কলেজও পাবে নিজেদের জেলায়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























