ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২০

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করল ‘সনাক’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’ র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

তথ্য জানার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জনগণকে অবহিত করার লক্ষ্যে গতকাল ২৮.০৯.২০২০ তারিখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র যৌথ উদ্যোগে ‘‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’’ শীর্ষক শ্লোগানের মধ্য দিয়ে অনলাইনে এক আলোচনা সভার মাধ্যমে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।

সকাল ১০:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।

অনলাইন আলোচনা সভায় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সনাক ও স্বজন সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ ৪৪ জন উপস্থিত ছিলেন। অনলাইন আলোচনা সভায় দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সনাক সদস্য জনাব কবিতা রানী দাস, জহর তরপদার অয়ন চৌধুরী, সনাক সহ সভাপতি জনাব বদরুল আলম এবং সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, দেশে যেসকল আইন আছে যেগুলি সরকার জনগণের উপর প্রয়োগ করে। কিন্তু তথ্য অধিকার আইনটিই হলো একমাত্র আইন; যা জনগণ সরকারের উপর, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উপর প্রয়োগ করতে পারে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে।

সভায় সনাক শ্রীমঙ্গল, টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী শ্রীমঙ্গল উপজেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন। ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন তিনি উল্লেখ করেন যে, ৭টি সূচকের আলোকে ৩৯টি সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল যাচাই করে মাত্র ১টি দপ্তর এর ওয়েবপোর্টালে শতভাগ তথ্য পাওয়া গিয়েছে।

অন্যদিকে ৩৯ টির মধ্যে ২টি ওয়েবপোর্টালে উল্লিখিত বিষয়সমূহে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি অর্থাৎ হালনাগাদের হার ০%। বাকি ৩৭ টির মধ্যে ২৩টি ওয়েবপোর্টালে উল্লিখিত ৭টি বিষয়ে ৫০% এর কম তথ্য হালনাগাদ আছে । তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৩৯টির মধ্যে ১০টি ওয়েবপোর্টালে।

অফিস প্রধানের তথ্য ৩৬ টি, কর্মকর্তা/কর্মচারীর তথ্য ২৭টি, সেবাসমূহ ১১ টি, যোগাযোগ ১৮টি, খবর ৬ টি, নোটিশবোর্ড ১১ টি, প্রতিষ্ঠানে তথ্য হালনাগাদ পাওয়া গেছে। ওয়েবপোর্টালের হোমপেজে বিদ্যমান নোটিশ বোর্ড ও খবর অংশটির ব্যবহার নেই বললেই চলে।

পরে ওয়েব পোর্টালগুলোর দ্রুত হালনাগাদ করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সনাক-টিআইবি’র পক্ষ থেকে কিছু সুপারিশমালা তুলে ধরেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যের পর সভাপতির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার নজরুল ইসলাম উল্লেখ করেন যে, ইতিমধ্যেই উপজেলার সকল কর্মকর্তাদের নিয়ে ওয়েব পোর্টাল আপডেট করার বিষয়ে সভা করা হয়েছে এবং উপজেলার সকল ওয়েব পোর্টাল হালনাগাদ করার ব্যবস্থা নিতে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব দিয়েছি। তিনি তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি সনাক শ্রীমঙ্গলের গৃহিত বিভিন্ন উদ্যোগ যেমন আরটিআই প্রশিক্ষণ, বিভিন্ন দপ্তরের তথ্যপত্র তৈরী, এবং বিশেষ করে গত জানুয়ারী মাসে অনুষ্ঠিত তথ্য মেলার প্রশংসা করেন যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদ।

তিনি উল্লেখ করেন উক্ত তথ্য মেলাটি ছিলো অত্যন্ত ফলপ্রসূ। তিনি অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করে দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, এর আগে গত ২৪ তারিখে দিবসটিকে সামনে রেখে শ্রীমঙ্গল এর তরুণ শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন প্রশিক্ষণ এর আয়োজন করে সনাক শ্রীমঙ্গল। এছাড়াও অনলাইনে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ শ্রীমঙ্গল এরআরটিআই ক্যাম্পেইন চলমান রয়েছে। 

আইনিউজ/এসডিপি/

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়