ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ১ অক্টোবর ২০২০

কমলগঞ্জে দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মুখে বাংলাদেশ হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট ও পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব দেবরায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. বিষ্ণুপদ ধর, কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক অসীম চৌধুরী, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ পাল, জেলা হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক বাবুল দেব, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, জেলা হিন্দু মহাজোট নেতা অপু রায় পার্থ, জেলা হিন্দু যুব মহাজোট নেতা রিপন চক্রবর্তী, জেলা হিন্দু যুব মহাজোট নেতা অমিত ধর, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে বক্তার বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির ঘোষণা এখন সময়ের দাবি। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমগ্র বাঙালি জাতির ঐক্য ও মিলনের উৎসব। আমাদেরকে ধর্মীয় রীতিনীতি মেনে পাঁচ দিন দুর্গাপূজা উদযাপন করতে হয়। দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে মূল উৎসব হয়ে থাকে। এ সময় দিনরাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থক ভাবে দুর্গাপূজা সম্প্রদান করতে হয়। তখন মা-বাবা, সন্তান ও আত্মীয়সহ সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। কিন্তু সরকারি ছুটি কম হওয়ায় সেই আনন্দ তেমন একটা উপভোগ্য মনে হয় না।

এর আগেও সরকারের কাছে দুর্গাপূজায় একদিনের পরিবর্তে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা। কিন্তু কোনও সাড়া মেলেনি। তবে প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা এবার তাদের দাবি পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়