ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মুজিবুর রহমান মঞ্জু

প্রকাশিত: ১৬:৩০, ১৫ অক্টোবর ২০২০

এতিম ভাই-বোনের প্রতি পুলিশ পরিদর্শকের মানবিক সহায়তা

এতিম ৩ ভাই-বোনের পাশে দাঁড়ালেন পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ

এতিম ৩ ভাই-বোনের পাশে দাঁড়ালেন পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ

গত বছরের ২২ আগস্ট মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে ইছহাক মিয়ার হাতে খুন হয়েছিলেন ৩ সন্তানের জননী নারী চা শ্রমিক দিপালী নায়েক। এর কয়েক বছর আগে দিপালী নায়েকের স্বামী সরতু লায়েক অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। ফলে এ পরিবারের তিন শিশু একেবারে অসহায় হয়ে পড়ে।

পিতা-মাতাহীন এতিম চা শ্রমিক ছেলে-মেয়েদের (২টি মেয়ে ও ১টি ছেলে) অসহায়ত্বের কথা ভেবে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।

সেখানে তিনি বলেছিলেন,  খুনি ইছহাক মিয়ার শাস্তি হবে দেশের প্রচলিত আইনে, তবে পিতা-মাতাহীন এই  তিন শিশু কিভাবে বাঁচবে? এ সময় তাদের সাহায্য করার কথা ব্যক্ত করেন তিনি।

পোস্টটি করা পর থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের কাছে কিছু অর্থ আসে তারই কয়েকজন বন্ধু-বান্ধবের কাছ থেকে। এ অর্থের সাথে সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো.আশরাফুজ্জামান,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানসহ আরও কয়েকজন সহযোগিতা করতে এগিয়ে আসেন।

এদের সকলের সহযোগিতায় এই তিন ভাই-বোনের জন্য একটি দুধের গাভী কেনা হয়।  এরই সাথে শিশুদের জন্য কিছু জামা কাপড় ও খাদ্য সামগ্রী কেনা হয়।

গত ৭ অক্টোবর বুধবার রাতে কমলগঞ্জ থানায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে একটি  দুধের গাভী (বাছুরসহ), কাপড় চোপড় ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এতিম শিশুদের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গলসার্কেল) মো. আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আলীনগর ইউনিয়নের চা বাগান ওয়ার্ডেরসদস্য গৌরী রানী কৈরী।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মায়ের মৃত্যুর পর শিশুরা চর অনিশ্চয়তার মাঝে পড়ে। তাদের কথা ভেবেই তিনি ফেসবুকে মানবিক স্টাটাস দিয়েছিলেন। সারা দেশে পুলিশ সদস্যরা এ ধরণের অনেক মানবিক কাজ করছে।

তিনি মানবিক কাজ করার লক্ষ্যে বন্ধুবান্ধবদের সাথে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা নিয়ে তিনটি এতিম শিশুর জন্য সামান্য সহায়তা প্রদান করেছেন। তিনি মনে করেন সমাজের আরও লোকজন এ শিশুদের সাহায্যে এগিয়ে আসবে।

আইনিউজ/ মুজিবুর রহমান মঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়